চিকিত্সক দেখিয়ে বাসায় জীবিত ফেরা হলো না শিশুটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

মা ও চাচার সঙ্গে চিকিত্সকের কাছে গিয়েছিল পাঁচ বছর বয়সী শিশু অভিমন্নো দাস খাসকেল। চিকিৎসা নিলেও জীবিত অবস্থায় বাসায় ফেরা হলো না তাঁর। বুধবার রাতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় সে।

অভিমন্নোর চাচা গোপাল খাসকেল প্রথম আলোকে বলেন, শিশুটির প্রসাবের সমস্যা ছিল। বুধবার সন্ধ্যায় তাঁকে দয়াগঞ্জে একটি রোগ নির্ণয় কেন্দ্রের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তাঁরা ব্যাটারিচালিত একটি রিকশায় করে দোলাইপাড়ের বাসায় ফিরছিলেন। গেন্ডারিয়ায় একটি ব্যাটারিচালিত রিকশা তাঁদের বহনকারী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অভিমন্নো তাঁর কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় তাঁদের বহনকারী রিকশার চাকা শিশুটির ওপর দিয়ে চলে যায়।

রিকশায় অভিমন্নোর সঙ্গে ছিলেন মা সুমা দাসও। আহাজারি করতে করতে তিনি বলেন, ‘আমার অভিকে ফিরিয়ে আনো। অভিকে ছাড়া আমি থাকতে পারব না। অভিকে ছাড়া আমি কীভাবে বাসায় ফিরব।’ একমাত্র ছেলেকে হারিয়ে বাবা বিনয় দাস খাসকেলও দিশেহারা হয়ে পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ৯ টার দিকে অচেতন অবস্থায় অভিমন্নোকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিমন্নো মা-বাবার সঙ্গে রাজধানীর পুরান ঢাকার দোলাইপাড় এলাকার দীপ্ত গলিতে থাকত। বাবা বিনয় দাস খাসকেল সাইনবোর্ডের ব্যবসা করেন। তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বীরপাশায়।