চিকিৎসক ও ওষুধ বিক্রয় প্রতিনিধির মধ্যে সম্পর্ক সাধারণত ভালো হয়। কিন্তু উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে উল্টো ঘটনা। এখানে মারামারির ঘটনায় চিকিৎসক ও ওষুধ বিক্রয় প্রতিনিধি একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
৩০ মে হাসপাতালের পরিচালক শাহজাহান বিশ্বাস উত্তরা পশ্চিম থানায় জিডি করেন। এতে অভিযোগ করা হয়, এদিন সকালে রায়হান খলিল নামে এক ওষুধ বিক্রয় প্রতিনিধি হাসপাতালে ঢুকতে চাইলে নিরাপত্তারক্ষী সাইফুল ইসলাম বাধা দেন। কিছুক্ষণ পর রায়হানসহ ১০-১৫ জন হাসপাতালে ঢুকে সাইফুলকে মারধর করেন।
জিডির দুই দিন পর রায়হান বাদী হয়ে একই থানায় আরেকটি মামলা করেন। এজাহারে বলা হয়, ৩০ মে তাঁর মা ফয়জুন্নাহারের চিকিৎসার জন্য ওই হাসপাতালে এসেছিলেন। চিকিৎসক মারুফ বিন হাবীবকে দেখানোর জন্য টিকিটও কাটেন। সিরিয়াল ভেঙে পাঁচ-ছয়জন রোগীকে চিকিৎসা দেওয়ার প্রতিবাদ করায় চিকিৎসক ও নিরাপত্তারক্ষীরা তাঁকে ও সঙ্গে থাকা আরও তিনজনকে মারধর করেন। রায়হান মামলায় শাহজাহানসহ সাতজনকে আসামি করেছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, কেউ চিকিৎসকের পরামর্শ নিতে টিকিট করলে রোগীর নিবন্ধন খাতায় অবশ্যই তার নাম থাকবে। ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসক মারুফ বিন হাবীবের পরামর্শ নিতে ৪৪ জন রোগী টিকিট করে। এদের নাম রোগী নিবন্ধন তালিকায় রয়েছে। তালিকায় রায়হান বা তাঁর মায়ের কোনো নাম পাওয়া যায়নি।