ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল
চিকিৎসক ও সেবিকাদের মারধরের প্রতিবাদে পাঁচ ঘণ্টার কর্মবিরতি
পক্ষাঘাতগ্রস্ত এক রোগীর স্বজনেরা চিকিৎসক ও সেবিকাদের মারধর করায় গতকাল বুধবার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাজ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। ওই ঘটনার জের ধরে দুর্ভোগে পড়েছে অন্য রোগীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে চিকিৎসকেরা কর্মবিরতি তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত হাসপাতালের সব কাজ বন্ধ ছিল। পুলিশ ক্যাম্প স্থাপন, পরিচালক, সহকারী পরিচালকের পদত্যাগ ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রাখেন। এ সময় হাসপাতালের সামনে প্রায় ১০০-এর বেশি রোগী ও তাদের স্বজনদের অপেক্ষা করতে দেখা যায়। খবর পেয়ে সূত্রাপুর থানার পুলিশ ও র্যাবের একটি দল হাসপাতালে যায়।ন্যাশনাল হাসপাতালের এক চিকিৎসক জানান, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ৬৫/১ নবদ্বীপ বসাক লেনের বাসিন্দা বৃদ্ধ মতি মিয়াকে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। মতি মিয়া পক্ষাঘাতগ্রস্ত রোগী। জরুরি বিভাগের চিকিৎসক শামস শাহী রোগীকে ল্যাবএইড হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওই সময় জরুরি বিভাগে শিক্ষানবিশ চিকিৎসক মাসুদুর রহমানও উপস্থিত ছিলেন। স্বজনদের অনুরোধে রোগীকে ভর্তি করা হয়। তখন রোগীকে নিয়ে স্বজনেরা হাসপাতালের ছয়তলায় যান। সেখানকার কর্তব্যরতরা রোগীকে চতুর্থ তলায় পাঠিয়ে দেন। এ নিয়ে রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা নিজেদের ইচ্ছায় রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।জানা গেছে, মতি মিয়াকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পথে তাঁর স্বজনেরা ডেকে নেন চিকিৎসক মাসুদুর রহমানকে। এরপর তাঁরা ওই চিকিৎসককে মারধর শুরু করেন। মাসুদকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে তাঁর সহকর্মী চিকিৎসক আজহারুল ইসলাম, সেবিকা পারভিন সুলতানা, সন্ধ্যা সরকার, সালমা আক্তার, ইসমাইল, প্রহরী দ্বীপ, জাহাঙ্গীর আলম ও রুহুল আমিনকে মারধর করেন রোগীর স্বজনেরা। মারধরের বিষয়টি জানতে পেরে হাসপাতালে যায় পুলিশ। কিন্তু হাসপাতালের সহকারী পরিচালক পুলিশকে ফিরিয়ে দেন। ওই খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন চিকিৎসকেরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কর্মবিরতি স্থগিত করেন।ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এম আর আজাদ প্রথম আলোকে বলেন, চিকিৎসকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। কলেজ ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপনের ব্যবস্থা করা হবে।