চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে আজ ও কাল দুই ঘণ্টা কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) বরকতউল্লাহর ওপর হামলার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকেরা আজ রোববার ও কাল সোমবার দুই ঘণ্টা করে কর্মবিরতি ঘোষণা করেছেন। গতকাল মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। চিকিৎসকদের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন সমন্বয় পরিষদ ও সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা। চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ পরে সমাবেশে যোগ দেন। বরকতউল্লাহ বলেন, ২ এপ্রিল রাতে তাঁর নিজস্ব চেম্বারে ১০-১২ জন সন্ত্রাসী তাঁকে লাঞ্ছিত করে ও জীবননাশের হুমকি দেয়। সন্ত্রাসীদের দাবি ছিল হাসপাতালের বদলি পাম্প অপারেটর হেদায়েতউল্লাহকে (বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিয়েছে) এলপিসি—লাস্ট পে সার্টিফিকেট বা ছাড়পত্র দিতে হবে। মুঠোফোনে পরিচালক এ কে এম মোস্তফা হোসেন বলেন, চিকিৎসকেরা দুই ঘণ্টা করে কর্মবিরতি করলে হাসপাতালের জরুরি বিভাগ ও মুমূর্ষু রোগীদের অবহেলা হবে না।