চিকিৎসক লাঞ্ছিত সাড়ে চার ঘণ্টা অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীর হাতে একজন অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) প্রায় সাড়ে চার ঘণ্টা তালিকাভুক্ত রোগীদের অস্ত্রোপচার বন্ধ ছিল। ফলে রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে অস্ত্রোপচার বিভাগে অবেদনবিদ আবদুর রহমানের সঙ্গে সার্জারি বিভাগের রেজিস্ট্রার মো. শাহরিয়ারের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহরিয়ার অবেদনবিদ আবদুর রহমানকে মারধর করেন। এরপর অবেদনবিদেরা অস্ত্রোপচার বিভাগে কাজ বন্ধ রাখার ঘোষণা দেন। তবে অ্যানেসথেসিওলজি বিভাগের প্রধান শাহেরা খাতুনের হস্তক্ষেপে ওই দিন তাঁরা কাজ করেন। গতকাল সকালে সহকর্মীর লাঞ্ছিত হওয়ার খবর অবেদনবিদদের মধ্যে ছড়িয়ে পড়লে সকাল সাড়ে আটটা থেকে তাঁরা কাজ বন্ধ করে দেন। এ সময় অস্ত্রোপচারের তালিকায় থাকা রোগীরা পড়েন বিপাকে। পরে এ নিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিকের সঙ্গে শাহেরা খাতুন ও তাঁর বিভাগের অবেদনবিদদের বৈঠক হয়। বৈঠকে বিষয়টি মীমাংসা হলে দুপুর একটার পর অবেদনবিদ চিকিৎসকেরা কাজে যোগ দেন। রোগীদের বক্তব্য: গতকাল দুপুর ১২টার দিকে অস্ত্রোপচার বিভাগের সামনে কথা হয় গাইনির রোগী আসমা বেগমের সঙ্গে। তিনি জানান, গত ১১ জানুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। রোববার তাঁর অস্ত্রোপচারের তারিখ ছিল। কুলসুম বেগম জানান, ১৫ জানুয়ারি তিনি গাইনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ২৫ ফেব্রুয়ারি তাঁর অস্ত্রোপচারের দিন নির্ধারিত থাকলেও অজ্ঞাত কারণে তা পিছিয়ে রোববার করা হয়। দুপুর গড়ালেও তখনো (১২টা) তাঁর অস্ত্রোপচার হয়নি। আসমা ও কুলসুমের মতো তালিকাভুক্ত অনেককে গতকাল অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করতে দেখা যায়।