ব্র্যাকের খণ্ডকালীন চিকিৎসা কর্মকর্তা সাজিয়া আফরিনের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির শাস্তি এবং তাঁর পরিবারকে সব ধরনের আর্থিক ও আইনি সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক। ব্র্যাকের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকে নেওয়া এ সিদ্ধান্ত অনুয়ায়ী সাজিয়ার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সহায়তা প্রদান করা হচ্ছে।ব্র্যাক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সাজিয়া আফরিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্র্যাক পরিবার।রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক ক্লিনিকের খণ্ডকালীন চিকিৎসা কর্মকর্তা সাজিয়া আফরিন গত ৩০ নভেম্বর ওই ক্লিনিকে কর্মরত অবস্থায় খুন হন। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে উচ্চশিক্ষার্থে প্রশিক্ষণরত ছিলেন।দোয়া ও মিলাদ: সাজিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনায় আগামীকাল বুধবার বিকেল চারটায় মহাখালীর ব্র্যাক সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।বিভিন্ন সংগঠনের কর্মসূচি পালন ও শাস্তি দাবি: সাজিয়ার মৃত্যুতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে এবং হত্যাকারীর উপযুক্ত শাস্তি দাবি করেছে। হত্যাকারীর দ্রুত বিচারের দাবিতে গত রোববার সারা দেশে কালো ব্যাজ ধারণ করেন চিকিৎসকেরা। এ ছাড়া একই দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও অবসটোট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) যৌথ উদ্যোগে ঢাকার শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে মানবন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার আইনে হত্যাকারীর বিচার দাবি করেন।বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী চিকিৎসকের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীন এ অবস্থাই প্রমাণ করে, নারীর নিরাপত্তা আজ চরমভাবে হুমকির সম্মুখীন।