চিকিৎসক সালমা পারভীন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদাপাড়ায় অবস্থিত রওশন আরা হাসপাতালের চিকিৎসক সালমা পারভীন ওরফে মনি হত্যা মামলার একমাত্র আসামি মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।রায়ে বলা হয়, উদীয়মান একজন চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী চারজনসহ ১৫ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। তাঁরা প্রত্যেকেই প্রায় এক ও অভিন্ন সাক্ষ্য দিয়ে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন। তাই তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। রায়ে আরও বলা হয়, আসামি চাইলে এই আদেশের বিরুদ্ধে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারেন। রায় ঘোষণার সময় মোস্তাফিজুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২১ জুলাই দুপুরে চিকিৎসক সালমা হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। এ সময় আসামি মোস্তাফিজুর সালমাকে বিয়ের প্রস্তাব দেন। সালমা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ সময় তিনি আসামিকে বিষয়টি ভুলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মোস্তাফিজুর রহমান। সঙ্গে থাকা ছুরি দিয়ে তিনি সালমাকে আঘাত করেন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালমা মারা যান।এর আগে ২০০৭ সালে মুঠোফোনের মাধ্যমে তাঁদের সঙ্গে পরিচয় হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষে সালমা ঢাকায় চলে আসেন। একপর্যায়ে সালমা আসামিকে এড়িয়ে চলা শুরু করেন। এরপর তিনি মুঠোফোনের সিম পাল্টে ফেলেন। কিন্তু মোস্তাফিজ তাঁকে প্রত্যাখ্যানের বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে সঙ্গে ছুরি নিয়ে সালমার কর্মস্থলে যান। সেখানে একটি কক্ষে সালমাকে ছুরি মেরে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন মোস্তাফিজ। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে আটক করে। পরদিন তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।পরে সালমা পারভীনের মামা মো. শামীম হোসেন বাদী হয়ে সবুজবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর মামলাটির তদন্ত শেষে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রাজ্জাক একমাত্র আসামি মোস্তাফিজুরকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। গত ২৬ জুলাই এ মামলার যুক্তিতর্ক শেষ হয়। রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষী এই মামলায় আদালতে সাক্ষ্য দেন।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার। তাঁকে সহায়তা করেন আনোয়ারুল কবির ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির ফারহানা রহমান।