চিকিৎসক সালমা হত্যা মামলার রায় ২ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদাপাড়ার রওশন আরা হাসপাতালের চিকিৎসক সালমা পারভীন ওরফে মনি হত্যা মামলার রায় ঘোষণার তারিখ ২ আগস্ট ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান এ তারিখ নির্ধারণ করেন।এ মামলার একমাত্র আসামি মোস্তাফিজুর রহমান ওরফে উজ্জ্বলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।গতকাল বাদীপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আসামি উজ্জ্বল ২০০৯ সালের ২১ জুলাই দুপুরে চিকিৎসক সালমার কর্মস্থল রওশন আরা হাসপাতালে গিয়ে ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করে। এ ক্ষেত্রে প্ররোচনা নয়, আসামি পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ড ঘটিয়েছেন। শুনানিতে অংশ নেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান, সহকারী কৌঁসুলি সালাহউদ্দিন হাওলাদার। বাদী নিযুক্ত আইনজীবী আনোয়ারুল কবীর, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির মলয় সাহা ও ফাহমিদা আক্তার বাদীপক্ষকে আইনগত সহায়তা দেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০৯ সালের ২১ জুলাই দুপুরে চিকিৎসক সালমা হাসপাতালে কর্মরত থাকাকালে আসামি উজ্জ্বল তাঁকে প্রেমের প্রস্তাব দেন।সালমা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে উজ্জ্বল তাঁর সঙ্গে থাকা ছুরি দিয়ে সালমাকে আঘাত করেন। এতে সালমা ঘটনাস্থলেই মারা যান। উজ্জ্বলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। সালমার মামা মো. শামীম হোসেন এ ঘটনায় বাদী হয়ে সবুজবাগ থানায় হত্যা মামলা করেন। আসামি উজ্জ্বল পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর মামলাটির তদন্ত শেষে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রাজ্জাক একমাত্র আসামি উজ্জ্বলকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। যুক্তিতর্ক শেষ হওয়ার আগে রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষী এই মামলায় আদালতে সাক্ষ্য দেন।