চিকিৎসকদের গোলমালে রোগীরা সেবাবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা ফিরোজের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল গতকাল সোমবার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের অভ্যন্তরীণ গোলমাল ও কর্মবিরতির কারণে তাঁর অস্ত্রোপচার হয়নি। কবে হবে তা-ও জানেন না। অনিশ্চয়তা ফিরোজ ও তাঁর পরিবারের সদস্যদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
বিএসএমএমইউর সি ব্লকের নবম তলায় পুরুষ ওয়ার্ডে (নন-পেয়িং) ফিরোজের সঙ্গে কথা হয়। ২৮ দিন আগে তিনি ওই ওয়ার্ডে ভর্তি হয়েছেন। ফিরোজ প্রথম আলোকে বলেন, ‘আগের সোমবার (৮ ফেব্রুয়ারি) আমার অপারেশন হওয়ার কথা ছিল। ডাক্তাররা বললেন, তাঁরা পরীক্ষা নিয়ে ব্যস্ত। তাই অপারেশন হয়নি। আজ (গতকাল) হওয়ার কথা ছিল। চিকিৎসকদের কর্মবিরতির কারণে আজও অস্ত্রোপচার হলো না।’
বিএসএমএমইউতে চলমান ঘটনাকে চরম বিশৃঙ্খল ও নিয়ন্ত্রণহীন বলে বর্ণনা করেন প্রতিষ্ঠানটির সাবেক সহ-উপাচার্য ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক রশীদ-ই-মাহবুব। তিনি প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকেরা পেশাজীবীর আচরণ করেননি। নিজেরা গোলমাল করে রোগীদের সেবা দেওয়া বন্ধ রাখলেন। এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’
১৩ ফেব্রুয়ারি অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ ও মেডিসিন বিভাগের চিকিৎসকেরা বিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ আছে, মেডিসিন বিভাগের চিকিৎসকেরা অ্যানেসথেসিয়া বিভাগের একাধিক চিকিৎসককে শারীরিকভাবে হেনস্তা করেন। হেনস্তার প্রতিবাদে অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চিকিৎসকেরা কর্মবিরতিতে যান। কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনার পর গতকাল সেই কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা।
বিএসএমএমইউর পরিচালক মো. আব্দুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ছোট-বড় মিলিয়ে গড়ে দৈনিক ১৩০টি অস্ত্রোপচার হয় হাসপাতালে। এর মধ্যে বড় অস্ত্রোপচার হয় ৪০-৫০টি। গতকাল হয়েছে ৩৪টি।
চিকিৎসকদের অভ্যন্তরীণ গোলমাল ও কর্মবিরতির কারণে গত রোববার অনেক রোগীর অস্ত্রোপচার হয়নি। গতকাল কর্মবিরতি প্রত্যাহারের পরও নির্ধারিত কয়েকজন রোগীর অস্ত্রোপচার হয়নি। গতকাল বিএসএমএমইউর অন্তত ১০ জন জ্যেষ্ঠ চিকিৎসকের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা প্রত্যেকেই বলেছেন, চিকিৎসকেরা নিজেদের মধ্যে গোলমাল করে রোগীদের সেবা দেওয়া বন্ধ রেখে অত্যন্ত অনুচিত কাজ করেছেন।
বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান গতকাল প্রথম আলোকে বলেন, ১৩ ফেব্রুয়ারির ঘটনা তদন্তে সার্জারি অনুষদের ডিন কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তবে রশীদ-ই-মাহবুব প্রথম আলোকে বলেন, ‘যেসব চিকিৎসক অন্য চিকিৎসকদের হেনস্তা করেছেন এবং যাঁরা রোগীর সেবা বন্ধ রেখেছেন, উভয় পক্ষই নিজেদের ক্ষমতাবান মনে করেন। এঁদের এখনই নিয়ন্ত্রণ করা না গেলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও রোগীর ভোগান্তি বাড়বে।’