মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, গণজাগরণ সৃষ্টির মাধ্যমে চিকিৎসকদের গ্রামে থাকতে বাধ্য করা হবে। তৃণমূলের রোগীরা ঠিকমতো চিকিৎসা ও ওষুধ পাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে ছাত্রছাত্রীদের নিয়োজিত করার কথাও বলেন তিনি। গতকাল বৃহস্পতিবার আইডিবি ভবনে স্বাস্থ্য আন্দোলন আয়োজিত ‘স্বাস্থ্য অধিকার: জনগণের প্রত্যাশা’ শীর্ষক জাতীয় সম্মেলনে মিজানুর রহমান এসব কথা বলেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘জনগণের অর্থে একজন চিকিৎসক তৈরি হন; মানুষকে সেবা দিয়ে সেই ঋণ তাঁদের শোধ করতেই হবে। কিন্তু চিকিৎসকেরা তাঁদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। সাধারণ মানুষের আয়ত্তের বাইরে বলে চিকিৎসার নামে চিকিৎসকেরা মানুষকে বোকা বানাচ্ছেন।’ মিজানুর রহমান বলেন, রোগীরা যে চিকিৎসা পায় না, ওষুধ পায় না, তা স্বাস্থ্যমন্ত্রী, সচিব সবাই জানেন। কিন্তু কোথাও একটা গরমিল থেকে যাচ্ছে। চিকিৎসাসেবা থেকে যারা বঞ্চিত হচ্ছে, তাদের পক্ষে আইনজীবীদের জনস্বার্থ রক্ষায় আইন ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রথম অধিবেশনের সভাপ্রধান এবং নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র ঢাকার চেয়ারম্যান এম কিউ কে তালুকদার বলেন, অব্যবস্থাপনা রোধে সরকারকে তৎপর হতে হবে। চিকিৎসার আগে কী করে রোগ প্রতিরোধ করা যায়, সেদিকে নজর দিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে পাঁচ বছরের নিচে ২৫০টি শিশু প্রতিদিন অপুষ্টিতে মারা যায়। অথচ সরকার বিশ্বব্যাংকের পরামর্শে জাতীয় পুষ্টি কর্মসূচি বন্ধ করে দিচ্ছে। উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার তাঁর মূল প্রবন্ধে বলেন, জনগণের স্বাস্থ্যসেবার ব্যবস্থা উৎসাহব্যঞ্জক নয়। বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগের ১৮ (১) ধারায় জনস্বাস্থ্য ও নৈতিকতার অধীনে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের জন্য রাষ্ট্রের কর্তব্যের উল্লেখ আছে। কিন্তু অধিকার বলে কিছু নেই। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের বঞ্চনার কথা শোনান। তাঁরা বলেন, চিকিৎসাসেবা না পেলেও তাঁদের নালিশ জানানোর কোনো জায়গা নেই।