চিকিৎসকের মৃত্যু নিয়ে অন্ধকারে পুলিশ
চিকিৎসক সজীব-আল-ইসলামের মৃত্যুরহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এটি হত্যা, আত্মহত্যা, না দুর্ঘটনা, সে ব্যাপারে প্রাথমিক তদন্তে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, তদন্ত অব্যাহত আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ধানমন্ডি থানার পুলিশ জানায়, গত শনিবার সকাল আটটার দিকে রাজধানীর রাসেল স্কয়ারসংলগ্ন লেকের পানি থেকে ভাসমান অবস্থায় সজীবের (৩০) লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। সজীবের শ্বশুর ফজলুল হক প্রথম আলোকে বলেন, এক বছর আগে সজীবের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। স্ত্রীকে নিয়ে ধানমন্ডির ২৬ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন সজীব। তিনি মাদকাসক্ত ছিলেন। সজীব পান্থপথের শমরিতা হাসপাতালের চিকিৎসক ছিলেন। মাদকাসক্তির কারণে তাঁকে হাসপাতাল থেকে ছাঁটাই করা হয়। মাদক নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। ফজলুল হক বলেন, মাদক নেওয়ার পর তিনি লেকের পানিতে ডুবে আত্মহত্যা করতে পারেন। এর আগেও ব্লেড দিয়ে হাত-পা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।অপরদিকে পরিবার বলছে, সজীবের শ্বশুরপক্ষের লোকজন রাজনীতির সঙ্গে যুক্ত। তাই তাঁরা মৃত্যুর ব্যাপারে কিছু বলতে শঙ্কিত। পুলিশ বলেছে, লাশটি অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না, তা চিহ্নিত করা যায়নি। গতকাল রোববার যোগাযোগ করা হলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সজীবের পরিবারের কেউ সুস্পষ্টভাবে কিছু বলছেন না। তবে জানা গেছে, আগের দুই বিয়ে গোপন করা এবং মাদকাসক্তির কারণে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। তা ছাড়া মাদকাসক্তিসহ বিভিন্ন অভিযোগে তাঁকে হাসপাতাল থেকে ছাঁটাই করা হয়েছিল। ওসি বলেন, মৃত্যুরহস্য উদ্ঘাটন করতে পুলিশ সব পক্ষের সঙ্গে কথা বলবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওসি আরও বলেন, পরিবারের কেউ থানায় অভিযোগ করেননি। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।বাবা-মায়ের অভিযোগ: আমাদের সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, সজীবের বাবা শফিকুল ইসলাম ও মা খালেদা আক্তার অভিযোগ করেছেন, তাঁদের ছেলেকে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। শফিকুল ইসলাম বলেন, সজীব সাঁতার জানত। লেকের পানিতে পড়ে তার মৃত্যু স্বাভাবিক নয়।