কিছু চিকিৎসক ব্যবস্থাপত্রে ওষুধের নাম লেখার সময় নীতিমালা মানছেন না। তাঁরা অপ্রয়োজনীয় নানা ওষুধের নাম লেখেন। অন্যদিকে দোকান থেকে ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ কিনছে মানুষ। ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে চিকিৎসকদের নীতিমালা মানার পাশাপাশি মানুষকে সচেতন হতে হবে।গতকাল শনিবার ‘জনগণের স্বাস্থ্য নিরাপত্তা: ওষুধের মান নিয়ন্ত্রণ, ব্যবহার এবং জনসচেতনতা’ শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে।কর্মশালার প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, দেশের চিকিৎসা কার্যক্রম গতিশীল করতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) সংস্কার করা হয়েছে। এখন চিকিৎসকদের কাজ তদারকি করা সহজ হবে। তিনি বলেন, ‘বিচারকদের মুহুরি আছে, কিন্তু তাঁরা নিজেদের বিচারক দাবি করেন না। তবে চিকিৎসকদের যেসব টেকনিশিয়ান আছেন, তাঁরা নিজেদের চিকিৎসক বলে পরিচয় দিচ্ছেন। নিজেদের মর্যাদা রাখতে না পারলে এমন ঘটনা ঘটবেই।’গণবিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কাশেম চৌধুরী বলেন, দেশে চিকিৎসকদের ওষুধ সম্পর্কে নিরপেক্ষ তথ্য পাওয়ার ব্যবস্থা নেই। চিকিৎসকদের ওষুধ কোম্পানিগুলোর বাজারজাতকরণ কৌশলের ওপর নির্ভর করতে হয়। তিনি আরও বলেন, ওষুধ কোনো পণ্য নয়। ওষুধ ব্যবহার করার নির্দেশ দেন চিকিৎসক, আর তা কেনে রোগী। রোগীদের ওষুধ নির্বাচনের সুযোগ নেই। ওষুধের যৌক্তিক ব্যবহার বাড়ানোর জন্য দেশের বড় শহরগুলোতে ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি বন্ধের পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন তিনি।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, ব্যবস্থাপত্র লেখার নীতিমালা চিকিৎসকেরা সব সময় মানেন না। ব্যবস্থাপত্র লিখতে হয় মাতৃভাষায় স্পষ্টভাবে, যেন সাধারণ মানুষ সহজে তা বুঝতে পারে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব শারফুদ্দীন আহমেদ বলেন, মানুষ যেন নিজে থেকে ওষুধ না কেনে, সে জন্য সচেতনতা বাড়াতে হবে। মূল প্রবন্ধে ব্লাস্টের অ্যাসোসিয়েশন অব ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্সের সভাপতি সেলিম আজাদ চৌধুরী বলেন, দেশের ৬০ শতাংশ মানুষ চিকিৎসাসেবার বাইরে। এই লোকগুলোর ওষুধেরও ঘাটতি রয়েছে। সরকারি হাসপাতালেও ওষুধের অপ্রতুলতা রয়েছে। ব্লাস্টের সহসভাপতি মো. আওলাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা সঞ্চালন করেন ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য জেড আই খান পান্না।