চিকিৎসকেরাও মনে করেন রোগীরা সেবা পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূলের ৭০ ভাগ এমবিবিএস চিকিৎসক মনে করেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে তৃণমূলের জনগণ পর্যাপ্ত সেবা পাচ্ছে না। এর প্রধান কারণ চিকিৎসা উপকরণ ও জনবলের অভাব। সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান বাধা শিক্ষকসংকট ও শিক্ষকদের শিক্ষাবহির্ভূত নানা কাজে লাগানো।বেসরকারি উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) পরিচালিত সরকারি প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার ওপর সামাজিক নিরীক্ষায় এই তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়। নিরীক্ষার সারসংক্ষেপ উপস্থাপন করেন আরিফ রব্বানী ও সারা জামান।সুপ্র নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, নাটোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরগুনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, শরীয়তপুর এবং রাজবাড়ীতে স্বাস্থ্য ও শিক্ষা সেবাদানকারী ও গ্রহীতাদের ওপর সমীক্ষাটি চালায়।সমীক্ষায় দেখা গেছে, ৮৮ দশমিক ৯ ভাগ সিভিল সার্জন বলেছেন, জেলা পর্যায়ে যে জনবল আছে, তা যথেষ্ট নয়। এ ছাড়া জেলা, উপজেলা ও ইউনয়নে উপকরণের স্বল্পতাও প্রকট। সব কেন্দ্রে চিকিৎসকেরা সব সময় উপস্থিত থাকেন না। সমীক্ষায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০টি জেলায় সাত হাজার ৭০৫টি পদ শূন্য। শিক্ষকদের বিরতিহীনভাবে ক্লাস নিতে হয়। এ ছাড়া ভোটার তালিকা তৈরি, আদমশুমারি, উপবৃত্তি প্রদান, ভোটকেন্দ্রের দায়িত্ব, পোলিও টিকা খাওয়ানোর মতো কাজগুলোও করতে হয় শিক্ষকদের। ফলে শিক্ষা কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে।অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহ আলম সন্তোষজনক সেবা পেতে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাসের ওপর জোর দেন। সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, তৃণমূলের সমস্যা চিহ্নিত করতে সরকারি নীতিনির্ধারক ও প্রান্তিক জনগণের মধ্যে সংলাপের আয়োজন করতে হবে।সাংসদ খান টিপু সুলতান চিকিৎসকদের আরও দায়িত্বশীল হওয়ার ও রোগীদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান।সাংসদ নিলুফার চৌধুরী শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানান।