চিকিৎসা পেলেন সেই রহিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের উত্তর পীরেরবাগের দগ্ধ সেই রহিমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে স্থানীয় কয়েকজন ও একটি মানবাধিকার সংস্থার লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। রহিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিরা প্রথম আলোকে বলেন, এত দিন রহিমার বোন মাহিনূর রাজি না হওয়ায় রহিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। গতকাল মাহিনূরকে বুঝিয়ে রহিমাকে হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর ক্ষত স্থানে ব্যান্ডেজ এবং কিছু ওষুধও দেন। গত ৩১ জানুয়ারি প্রথম আলোতে ‘দুর্বিষহ জীবন’ নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর রাতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন হতদরিদ্র রহিমা। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। ফলে তাঁর জীবন দুবির্ষহ হয়ে ওঠে।এ প্রতিবেদন প্রকাশের পর দেশ-বিদেশের অনেকেই রহিমাকে আর্থিক সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন। অনেকেই নিয়মিত তাঁর খোঁজ-খবরও নিয়েছেন। রহিমা দুই সন্তান নিয়ে মিরপুরের উত্তর পীরেরবাগে একটি টিন শেডের বাসায় থাকেন।