চিকিৎসা যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী আগামী মাসে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে রাজধানীতে শুরু হচ্ছে ‘তৃতীয় মেডিটেক্স বাংলাদেশ ২০১০’ ও ‘দ্বিতীয় ফার্মাদেশ ২০১০’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীতে চিকিৎসা যন্ত্রাংশ, শল্য যন্ত্রাংশসহ হাসপাতালে ব্যবহূত অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এ প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান সেমস্ গ্লোবাল ইউএসএ এবং সেমস্ বাংলাদেশ। ৫ থেকে ৮ মে পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা বলেন, প্রদর্শনীতে থাকছে চিকিৎসায় ব্যবহূত যন্ত্রপাতি, কাঁচামাল ও সেবাসমূহ। চিকিৎসক, স্বাস্থ্য পেশাজীবীরা সর্বাধুনিক পণ্য এবং যন্ত্রাংশ দেখতে পাবেন, যা বিশ্ববাজারে বিদ্যমান।আয়োজকেরা আরও জানান, বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে চীন, কানাডা, ভারত, পাকিস্তান, তাইওয়ান, জার্মানি, যুক্তরাষ্ট্র, জাপান, স্পেনের বিভিন্ন প্রতিষ্ঠান। মোট ১০৫টি স্টল থাকবে প্রদর্শনীতে। প্রদর্শনীর সহযোগী নাভানা ফার্নিচার ও বিপণন লিমিটেড।