সময়ের সঙ্গে বদলে যাচ্ছে রোগের ধরন ও রোগ ব্যবস্থাপনা। সে কারণে চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণেও পরিবর্তন আনা প্রয়োজন। এ প্রশিক্ষণ হতে হবে বাস্তবভিত্তিক ও সময়োপযোগী। গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিষ্ঠানের একযুগ পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত ‘অধ্যাপক এম এ কাদেরী স্মারক বক্তৃতা’য় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান এ কথা বলেন। বিএসএমএমইউ এ আলোচনা সভার আয়োজন করে। স্মারক বক্তৃতায় মাহমুদ হাসান বলেন, স্নাতকোত্তর-পর্যায়ের চিকিৎসা শিক্ষায় প্রশিক্ষণের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাসেবার গুণগত দিকটি নিশ্চিত করার জন্যই বাস্তবসম্মত প্রশিক্ষণের দিকে জোর দিতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, সবার চেষ্টায় বিএসএমএমইউর কার্যক্রমে কিছুটা অগ্রগতি হয়েছে। বিএসএমএমইউতে এসে কোনো মানুষ যেন নিরাশ হয়ে ফেরত না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।