সভা, সমাবেশ, শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এসব অনুষ্ঠানে চিকিৎসাক্ষেত্রে প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়। এ বছরের স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য, ‘প্রবীণদের যত্ন নিন: স্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসুন’।দিবস উদ্যাপন উপলক্ষে সুশাসনের জন্য প্রচারাভিযান জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে প্রবীণদের স্বাস্থ্যসেবার দিকে সংশ্লিষ্ট সবাইকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবার সব পর্যায়ে বয়স্ক স্বাস্থ্যসেবা ইউনিট চালুর দাবি জানান। ল্যাবএইড হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বেসরকারি হাসপাতালগুলোতে প্রবীণ ব্যক্তিদের জন্য পৃথক কেন্দ্র খোলার আহ্বান জানান। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম হাসপাতালে খুব শিগগির প্রবীণদের জন্য আলাদা কেন্দ্র খোলার ঘোষণা দেন। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ ব্যক্তির জন্য স্বাস্থ্যমেলার আয়োজন করে। এতে প্রবীণদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পরিবেশ বাঁচাও আন্দোলনসহ মোট ১১টি সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ কর্মসূচি থেকে নগরে নিরাপদে ও স্বচ্ছন্দে হাঁটার জন্য প্রশস্ত ফুটপাত, জেব্রা ক্রসিং, পথচারীসহায়ক সংকেত বাতির দাবি জানানো হয়।