চিকিৎসাবর্জ্য ঢাকা শহরের মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে
ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য ঢাকা শহরের মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। স্বাস্থ্যঝুঁকি কমাতে আইন মেনে চলার পাশাপাশি বর্জ্য-ব্যবস্থাপনার জন্য সঠিক প্রযুক্তি ব্যবহার করা দরকার।গতকাল বুধবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) আয়োজিত ‘বাংলাদেশে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠান ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল (এফএইচআই) এবং আইসিডিডিআরবি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘হেলথ কেয়ার উইথ আউট হার্ম’-এর আন্তর্জাতিক বিজ্ঞান ও নীতি সমন্বয়কারী রুথ স্ট্রিঞ্জার বলেন, চিকিৎসাবর্জ্য-ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা দরকার। স্বাগত বক্তব্যে এফএইচআই বাংলাদেশের পরিচালক মিস্টি ম্যাকডোয়েল বলেন, চিকিৎসাবর্জ্যে ক্ষুদ্র রোগজীবাণু থাকে। আবার বিষাক্ত রাসায়নিক পদার্থও থাকে। এসব বর্জ্যে সংক্রমণের ঝুঁকি থাকে। ঘনবসতিপূর্ণ জনপদে সংক্রমণের ঝুঁকি সব সময় বেশি।সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অরুণা বিশ্বাস বলেন, চিকিৎসার বর্জ্য-ব্যবস্থাপনার জন্য সরকারের নিজস্ব কোনো তহবিল নেই। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করার ওপর জোর দেন তিনি।বেসরকারি প্রতিষ্ঠান প্রিজমের কর্মসূচি সমন্বয়কারী তড়িৎ কান্তি বিশ্বাস বলেন, ঢাকা শহরে প্রতিদিন কমপক্ষে ৪ দশমিক ৭ মেট্রিক টন চিকিৎসাবর্জ্য উৎপন্ন হয়। তিনি বলেন, এসব বর্জ্য সংগ্রহ একটি বড় সমস্যা।