চিকিৎসার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বাড়ানো যায়
প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন চিকিৎসাও জরুরি। পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে একজন প্রতিবন্ধীর দক্ষতা বাড়ানো যায়।
অক্ষমতা ও প্রতিবন্ধিতা কমাতে পুনর্বাসন চিকিৎসাসেবার গুরুত্ব বিষয়ে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসব কথা বলেন।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং বাংলাদেশ সোসাইটি অব মাসকুলোস্কেলেটাল মেডিসিন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
মূল উপস্থাপনায় বাংলাদেশ সোসাইটি অব মাসকুলোস্কেলেটাল মেডিসিনের সদস্যসচিব মনিরুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের নিয়ে মূলত কাজ করে এনজিওরা। চিকিৎসকেরা এ ক্ষেত্রে পিছিয়ে আছেন। তবে পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে একজন প্রতিবন্ধীকে অনেকটাই সুস্থ করে তোলা যায়। নিজের ও সহকর্মীদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পা নেই এমন ব্যক্তিকে কেউ হুইল চেয়ার বা ক্র্যাচ কিনে দিতে পারেন। এটা গুরুত্বপূর্ণ। কিন্তু একজন চিকিৎসক পূর্ণাঙ্গ চিকিৎসা দিয়ে তাকে কর্মক্ষম করে তুলতে পারেন। তবে এ বিষয়ে চিকিৎসকদের শিক্ষা ও প্রশিক্ষণের ঘাটতি আছে।
পৃথক উপস্থাপনায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মো. শাহাদাত হোসেন বলেন, পুনর্বাসন চিকিৎসাসেবায় ফিজিক্যাল এবং রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ দরকার। দেশে এ রকম চিকিৎসক মাত্র ৯৮ জন। যুক্তরাষ্ট্র ও ভারতে এই সংখ্যা যথাক্রমে আট ও পাঁচ হাজার।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বলেন, সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশ স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সবার চেষ্টার সমন্বয় ঘটানো সম্ভব হলে প্রতিবন্ধীদের যথাযথ পুনর্বাসন সম্ভব হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সভাপতি অধ্যাপক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় একাধিক আলোচক বলেন, প্রতিবন্ধীদের সঠিক পরিসংখ্যান নেই। সঠিক পরিসংখ্যান জানা গেলে এ বিষয়ে পরিকল্পনা প্রণয়ন সহজ হবে।