চিকিৎসায় দেশের ৯২ শতাংশ যক্ষ্মা রোগী সুস্থ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তারা বলছেন, ২০১০ সালে দেশে নতুন করে এক লাখ ৫৮ হাজার ২৩৭ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসা নিয়ে যক্ষ্মা রোগীদের ৯২ শতাংশ সুস্থ হয়ে উঠছে।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মকর্তারা এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এনটিপি), স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাকসহ সহযোগী সংগঠনগুলো বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।আলোচনা সভায় মূল প্রবন্ধে এনটিপির উপব্যবস্থাপক শামীম সুলতানা বলেন, বিশ্বে যক্ষ্মারোগের প্রকোপ বেশি এমন ২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। প্রতিবছর নতুন করে ২ দশমিক ২ শতাংশ হারে এমডিআর যক্ষ্মা (ওষুধ প্রতিরোধী যক্ষ্মা) রোগীর সংখ্যা বাড়ছে। আগে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে এ হার ১৫ শতাংশ।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, সম্মিলিতভাবে যক্ষ্মাকে প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, ইপিআই কর্মসূচির আওতায় যেসব শিশু বিসিজি টিকা নিয়েছে, তাদের যক্ষ্মা হওয়ার আশঙ্কা নেই।যক্ষ্মা ও কুষ্ঠ কর্মসূচির লাইন পরিচালক মতিউদ্দিন আহমেদ বলেন, যক্ষ্মা হলে ছয় থেকে নয় মাস ওষুধ সেবন করতে হয়। তবে অনেকেই একটু সুস্থ হয়ে উঠলে আর ওষুধ সেবন করে না। এ জন্য যক্ষ্মাও ভালো হয় না।এনটিপির ব্যবস্থাপক আশিক হোসেন বলেন, সারা দেশে এক হাজার ৫০টি কেন্দ্রে যক্ষ্মা রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।ব্র্যাকের সহযোগী পরিচালক জালাল উদ্দিন আহমেদ বলেন, যক্ষ্মা নিয়ে নতুন গবেষণা হওয়া দরকার। এ ছাড়া এমডিআর যক্ষ্মা রোগীসহ সবার কাছে সেবা পৌঁছে দিতে হবে।নাটাবের সহসভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তবে বেলা ১১টায় আলোচনা শুরুর কথা থাকলেও তা শুরু হয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসার পর, দুপুর সাড়ে ১২টায়।