চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ২৮ মার্চ
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। ২৮ মার্চ সাক্ষ্য গ্রহণের শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।
এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাদিয়া আফরিন প্রথম আলোকে বলেন, এ মামলায় আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। মামলার বাদী ও চিত্রনায়ক সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী আদালতে হাজির হন। ব্যক্তিগত আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তিনি।
একই সঙ্গে পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগে আজ নির্দেশ দিয়েছেন আদালত। আগামী শুনানির তারিখ থেকে বাদীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে আশা প্রকাশ করেন এপিপি সাদিয়া আফরিন।
এর আগে ২০ মার্চ সাক্ষী হাজির না হওয়ায় ২৪ মার্চ পরবর্তী শুনানির দিন ঠিক করেন আদালত।
আদালতের সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, এ মামলায় আজ আদালতে হাজিরা দিয়েছেন জামিনে থাকা আসামি ফারুক আব্বাসী। জামিনে থাকা অপর আসামি আদনান সিদ্দিকীর পক্ষ থেকে হাজিরার জন্য সময় চেয়ে আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত।
এ ছাড়া কারাগারে থাকা আসামি তারিক সাঈদ মামুনকে আদালতে হাজির করা হয়। তবে পলাতক রয়েছেন আসামি আজিজ মোহাম্মদ ভাই, আশিক রায় চৌধুরী, সানজিদুল হাসান ইমন, সেলিম খান ও হারুন অর রশিদ। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীর ক্লাব ট্রামসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
এ মামলায় ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর আসামি আদনান সিদ্দিকী ২০০৩ সালে হাইকোর্টে রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৫ সালের ৫ আগস্ট হাইকোর্ট রুল ডিসচার্জ (খারিজ) করেন এবং এর আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে রায় দেন।