পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার কার্যক্রম স্থগিত
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার পরবর্তী কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
মামলাটি বাতিল চেয়ে পরীমনি আবেদন করেছিলেন। এই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ৫ জানুয়ারি আদেশ দেন বিচারিক আদালত। এই আদেশ বাতিল চেয়ে গত মাসে হাইকোর্টে আবেদন করেন পরীমনি।
পরীমনির আবেদনের ওপর গত রোববার ও গতকাল সোমবার শুনানি হয়। শুনানি নিয়ে আদালত আজ মধ্যাহ্নবিরতির পর আদেশের জন্য সময় রাখেন। সে অনুযায়ী আদালত রুলসহ আদেশ দেন।
পরীমনির ক্ষেত্রে এই মামলার কার্যক্রম কেন বাতিল হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে পরীমনির পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। গুলশান থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।