চিরন্তন অনুপ্রেরণার মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার শক্তির প্রতীকী রূপ এই মিনার।’—নিজের হাতে গড়া নতুন শহীদ মিনার সম্পর্কে বলছিলেন স্থপতি ও কবি রবিউল হুসাইন। রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ প্রাঙ্গণে এটি নির্মাণ করা হয়েছে।

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

মিনারের দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ৬ ফুট ৮ ইঞ্চি। নাম রাখা হয়েছে ‘শহীদ স্মৃতি টাওয়ার’। মিনারের নকশা করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এবং স্থপতি ও কবি রবিউল হুসাইন।

বধ্যভূমি স্মৃ​তিপীঠের তত্ত্বাবধায়ক এ কে​ এম নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, এ বছরের ১ ফেব্রুয়ারি মিনারের নির্মাণকাজ শুরু হয়। এই বিজয় দিবসে শহীদ মিনারটি উন্মোচন করা যাবে বলে আশা করা হচ্ছে।

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

রবিউল হুসাইন বলেন, ‘জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ নির্মাণের শুরু থেকেই এই মিনার তৈরির পরিকল্পনা ছিল। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চিরন্তন অনুপ্রেরণাকে তুলে ধরতেই এই মিনারটি স্থাপন করা হয়েছে।’ তিনি বলেন, ‘পাকিস্তান যখন নির্লজ্জভাবে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যাকে অস্বীকার করতে চাইছে, ঠিক সেই সময় এমন একটি মিনার আমাদের নতুন প্রজন্মসহ গোটা জাতিকে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।’ মিনারটির সিংহভাগ লাল ইটের তৈরি। মিনারের চূড়ায় রয়েছে জাতীয় পতাকার আদলে কংক্রিটের বর্গাকার বর্ধিত অংশ। কংক্রিটের বর্গাকৃতির অংশে আছে একটি বৃত্তাকার ফাঁকা জায়গা।

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম