চিড়িয়াখানা সড়কজুড়ে অবৈধ বাজার

রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা সড়কের পশ্চিম পাশে মসজিদুল আকবর ঈদগাহ ময়দানের দেয়ালঘেঁষে ফুটপাতসহ রাস্তার এক-তৃতীয়াংশ জায়গা নিয়ে গড়ে উঠেছে একটি অবৈধ বাজার। একই সড়কের পূর্ব পাশে ঈদগাহ ময়দানের বিপরীতে ফুটপাতসহ রাস্তার প্রায় অর্ধেক অংশ নিয়ে বসেছে কয়েকটি অটোমোবাইল ও মোটর ওয়ার্কশপের দোকান। ফলে রাস্তার এ অংশে দিনের বেশির ভাগ সময়জুড়েই যানজট লেগে থাকছে। মানুষ রাস্তার ওপর দিয়ে ঠিকমতো হাঁটাচলা করতেও পারে না।
এলাকা ঘুরে দেখা যায়, চিড়িয়াখানা সড়কের এ অংশে পশ্চিম ও পূর্ব পাশ মিলে গড়ে উঠেছে ১৫টির মতো মোটর ওয়ার্কশপ। এসব ওয়ার্কশপে মেরামত করতে আনা গাড়িগুলো রাখা হয়েছে রাস্তার ওপর। মোটর মিস্ত্রিরা রাস্তার ওপরেই গাড়ি মেরামতের কাজ করছেন। আর ফুটপাত ফেলে পথচারীরা হাঁটছেন রাস্তার মাঝখান দিয়ে। মিরপুর-১ নম্বর সেকশনের বাসিন্দা ফারহানা মোবাশ্বের বলেন, ‘আরেকটু হলে তো বাসের ধাক্কায় পড়েই যেতাম। হাঁটার জায়গা নেই। ফুটপাতের ওপর বাজার আর ওয়ার্কশপ। ভিড় ঠেলে যাওয়া যায় না। হাঁটতে হলে তো রাস্তার মাঝখান দিয়েই যেতে হয়।’
রাস্তার পশ্চিম পাশের অবৈধ বাজারে আছে ৩০টির মতো স্থায়ী ও অস্থায়ী দোকান। বিক্রি হচ্ছে মাছ, শুঁটকি মাছ, মাংস, সবজি, চাল, ডাল, ফল ইত্যাদি। এসব দোকানে ক্রেতাদের ভিড়ও আছে। প্রতিদিন সকাল সাত-আটটার মধ্যে বাজার বসে যায়। চলে দুপুর দুইটা পর্যন্ত। সারাক্ষণই থাকে জমজমাট বাজার। সব ধরনের ক্রেতাই এখানে বাজার করতে আসেন। জানা যায়, ফুটপাতের অন্য বাজারগুলোর মতো এখানেও দোকান বসানোর জন্য ধরন ও আকার অনুযায়ী দৈনিক ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত দিতে হয়। টাকা তোলেন লাইনম্যান। তবে, ব্যবসায়ীদের কেউ-ই লাইনম্যানের খোঁজ দিতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানি বলেন, ‘টাকা না দিলে বসতে দেয় না। বিভিন্নজনকে টাকা দিলে বসার অনুমতি মেলে। তাঁরাই দেখাশোনা করেন। ব্যবসা করি, টাকা দিয়েই বসি।’ দেখা যায়, ফুটপাত নেই। সাধারণ পথচারীরা হাঁটাচলার জায়গা পাচ্ছেন না। নারী ও শিশুদের ভোগান্তিই সবচেয়ে বেশি। না পারছেন ভিড়ের মধ্য দিয়ে যেতে, না রাস্তার মাঝখান দিয়ে। বাধ্য হয়েই অতিরিক্ত রাস্তা ঘুরে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাচ্ছেন।
চিড়িয়াখানা সড়কের রড ও সিমেন্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন আহমেদ বলেন, ‘যানজট তো থাকেই। মেয়েছেলেদের হাঁটাচলায় কষ্ট। ফুটপাত ও রাস্তা বন্ধ করে ব্যবসা বসলে তো এমন হবেই।’
এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর অঞ্চলের মধ্যে আছে। এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা এটা উচ্ছেদের জন্য প্রধান কার্যালয়ের সম্পত্তি বিভাগকে বলেছি। এ ধরনের যত অবৈধ বাজার আছে, সবগুলোরই ছবি তুলে বিবরণসহ সম্পত্তি বিভাগে জমা দিয়েছি। খুব দ্রুতই উচ্ছেদের নির্দেশ আসবে। উচ্ছেদ কার্যক্রম একের পর এক চলবে। অবৈধ কোনো কিছুই থাকবে না।’