চিড়িয়াখানা সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কের পাশে খেলার সময় গতকাল মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু মিষ্টি ওরফে বৃষ্টির (৪) মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা একটার দিকে বৃষ্টি চিড়িয়াখানা সড়কের পাশে ইনসুলেটর কারখানার সামনের রাস্তার এক পাশে খেলা করছিল। এ সময় চিড়িয়াখানা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা মতিঝিলগামী নিউ ভিশন পরিবহনের একটি বাস শিশুটিকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়। এতে শিশুটি ঘটনাস্থলে মারা যায়। আশপাশের লোকজন ছুটে এসে বাসের চালক বাবুল মিয়াকে গণধোলাই দেয় ও বাসটিতে ভাঙচুর চালায়। পুলিশ চালককে আটক করে শাহ আলী থানায় নিয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। গতকাল দুপুরে থানার সামনে পুলিশের পিকআপে রাখা শিশুর লাশটি বুকে জড়িয়ে ধরে মা সখিনা বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শিশু বৃষ্টি তার মা-বাবার সঙ্গে ঘটনাস্থলের অদূরে বক্সনগরের ৩ নম্বর সড়কের ২৮ নম্বরে ভাড়া থাকত। তার বাবা বাবুল খান রিকশাচালক এবং মা সখিনা পোশাক কারখানার শ্রমিক।