চিড়িয়াখানার দুর্নীতি তদন্ত করবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চিড়িয়াখানার সার্বিক অনিয়ম ও দুর্নীতি তদন্ত করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে কমিটির সদস্য মঞ্জুর কাদের কোরাইশী প্রথম আলোকে বলেন, কমিটির কাছে চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কয়েক কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে। বিশেষ করে দরপত্র আহ্বানের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গঠিত উপকমিটি বিষয়টির তদন্ত করবে।এ বিষয়ে সংসদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলিয়াস উদ্দিন মোল্লাহকে প্রধান এবং মকবুল হোসেন ও মঞ্জুর কাদের কোরাইশীকে সদস্য করে তিন সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, জিল্লুল হাকিম, মকবুল হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, মঞ্জুর কাদের কোরাইশী, ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও নুর আফরোজ আলী উপস্থিত ছিলেন।