চিড়িয়াখানার ১ একর ৮১ শতাংশ জমি দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভূমিদস্যুদের’ অবৈধ দখলে থাকা চিড়িয়াখানার প্রায় ১০০ কোটি টাকা মূল্যের ১ একর ৮১ শতাংশ জমি দখলমুক্ত করে চিড়িয়াখানার হেফাজতে দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ৫২ বছর ধরে ‘ভূমিদস্যুরা’ শাহ আলী থানা-সংলগ্ন গুদারাঘাট এলাকায় চিড়িয়াখানার এই জমি জোর করে ভোগদখল করে আসছিল।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, চিড়িয়াখানা কর্তৃপক্ষ যতবারই সীমানাপ্রাচীর নির্মাণ করার চেষ্টা করেছে, ততবারই ‘ভূমিদস্যুরা’ তা ভেঙে দিয়ে চিড়িয়াখানাকে অরক্ষিত ও অনিরাপদ করে রাখে। ২ ও ৩ মার্চ চিড়িয়াখানা কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। মন্ত্রী বলেন, ১৯৬৩ সাল থেকে অবৈধ দখলে থাকা এই জমি অতীতের কোনো সরকারই দখলমুক্ত করতে পারেনি। বর্তমান সরকার শুধু উচ্ছেদই নয়, ‘ভূমিদস্যুদের’ আইনের আওতায় এনেছে। ছায়েদুল হক বলেন, উচ্ছেদের মাধ্যমে যেমন শতকোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে, তেমনি চিড়িয়াখানার অরক্ষিত হাজার কোটি টাকার সম্পত্তিও নিরাপত্তার আওতায় এসেছে।