চিড়িয়াখানায় ২৭০টি অতিথি আসছে
ঢাকা চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির ২৭০টি নতুন প্রাণী আনা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ আফ্রিকা থেকে টার্কিশ এয়ারলাইনসের কার্গোবিমানে সাদা সিংহ, সাদা গন্ডার, স্পটেট, ডোরাকাটা হায়েনাসহ বিভিন্ন ধরনের আটটি পশু এসে পৌঁছানোর কথা। আগামীকাল শুক্রবার থেকে এই সপ্তাহে জেব্রা, গ্রেটার কুদু, উটপাখি, ওয়ারিক্স, অ্যারাবিয়ান হর্স, শিম্পাঞ্জি, ম্যান্ট্রিলসহ ৫৪ প্রজাতির প্রাণী আসবে ফ্রান্স এয়ারকার্গোর বিশেষ বিমানে। এ ছাড়া তিন-চার মাসের মধ্যে ২১৬টি বিভিন্ন প্রজাতির পাখি আনা হচ্ছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে। চিড়িয়াখানা সূত্র জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে টার্কিশ এয়ারলাইনসের (টিকে-০৭১২) কার্গোবিমান আটটি পশু নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিশাল আকৃতির পৃথক কাঠের বাক্সে ভরে এসব পশু আনা হচ্ছে। চিড়িয়াখানার কিউরেটর এ বি এম শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, দক্ষিণ আফ্রিকার সাফারি পার্ক থেকে এসব প্রাণী আনা হচ্ছে। বিভিন্ন প্রজাতির ৫৪টি পশু ও ২১৬টি পাখির দাম পড়েছে পৌনে সাত কোটি টাকা।এ বি এম শহীদুল্লাহ জানান, এদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে অন্তত ২১ দিন চিড়িয়াখানার বিশেষ খাঁচায় রাখা হবে। এরপর এগুলোকে দর্শকদের জন্য নিরাপত্তাবেষ্টনী শেডে রাখা হবে।