চীনা কোম্পানি ২০ মে থেকে বকেয়া বেতন দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে ফেরত আসা চায়না স্টেট ইঞ্জিনিয়ারিং করপোরেশনের বাংলাদেশি শ্রমিকদের ২০ মে থেকে বকেয়া বেতন দেওয়া শুরু হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে, চায়না ওই কোম্পানিতে পাঁচ শতাধিক বাংলাদেশি চাকরি করতেন। লিবিয়ায় যুদ্ধাবস্থার কারণে গত বছর তাঁদের দেশে ফেরত আসতে হয়। সম্প্রতি ওই কোম্পানিটি ৫৪৫ জনের বকেয়া বেতন পাঠায়। বিএমইটির অতিরিক্ত পরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে জানান, ২০ থেকে ৩১ মে পর্যন্ত ৩৭৩ জন শ্রমিকের বকেয়া দেওয়া হবে। প্রতিদিন গড়ে ৫০ জন শ্রমিকের বকেয়া দেওয়া হবে। ইতিমধ্যেই বিএমইটি ছয়টি টেলিফোনে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করেছে। কাকে কোন দিন আসতে হবে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে বিএমইটিতে আসার পর তাঁদের প্রত্যেককে বেতনের চেক দেওয়া হবে। বিএমইটি সূত্রে জানা গেছে, এই মুহূর্তে ৩৭৩ জনের টাকা দেওয়া হচ্ছে। আরও ১৭২ জনের টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে। কিন্তু তাঁদের কয় মাসের বেতন, কত টাকা বেতন এগুলো চায়না কোম্পানি এখনো নিশ্চিত করতে পারেনি। সব প্রক্রিয়া শেষ করা গেলে তাঁদের টাকাও দেওয়া হবে। মিজানুর রহমান জানান, বকেয়া নেওয়ার জন্য শ্রমিকদের দুটি করে পাসপোর্ট সাইজের ছবি, ৫০ টাকর নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা, পাসপোর্ট বা আউটপাসের ফটোকপি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরিচয়পত্র ও নাগরিক সনদপত্র আনতে হবে। এ ছাড়া কারও যদি ভোটার আইডি কার্ড ও চায়না স্টেট ইঞ্জিনিয়ারিং করপোরেশনের কোম্পানির পরিচয়পত্র থাকে তাহলে সেটিও নিয়ে আসতে হবে।