চীনের চার্জার বাতির কাছে হেরে যাচ্ছে দেশি মোমবাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোমবাতির বাজার দখল করে নিচ্ছে চীন থেকে আসা চার্জার বাতি। এর ফলে হুমকির মুখে পড়ছে মোমবাতি উৎপাদনের দেশীয় কুটির শিল্প।গরম শুরু হতেই দেশজুড়ে শুরু হয়েছে লোডশেডিং। এ সময় কিছুটা হাসি ফোটার কথা মোমবাতি উৎপাদনকারীদের। কিন্তু কয়েক বছর ধরে মোমবাতি উৎপাদনকারীদের মুখে হাসি নেই। কারণ চলতি গরমের মৌসুমে রাজধানীসহ সারা দেশে লোডশেডিং চললেও মোমবাতির চাহিদা বাড়েনি, বরং কমেছে।মোমবাতি উৎপাদনকারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, মোমবাতির চাহিদা কমে যাওয়ার কারণ বাজারে আসা চীনের চার্জার বাতি। অল্প দাম, ব্যবহারে সুবিধাজনক এবং ঝুঁকিমুক্ত হওয়ায় নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই ঝুঁকছে এই চার্জার বাতির দিকে। চকবাজার, গুলিস্তান, সদরঘাট থেকে শুরু করে রাজধানীর প্রায় সব এলাকায়, রাস্তাঘাটে ৭০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের চার্জার বাতি। গুলিস্তানের রাস্তায় সারি সারি ঝুড়িতে বিক্রি হচ্ছে এসব বাতি। জাহিদ নামের এক বিক্রেতা জানালেন, গড়ে প্রতিদিন ৩০টি বাতি তিনি বিক্রি করতে পারেন। দাম ১০০ থেকে ৩০০ টাকা। মোহাম্মদপুরের গৃহিণী মরিয়ম নেসা প্রথম আলোকে বলেন, মোমবাতির তুলনায় চার্জার বাতিতে খরচ ও ঝামেলা কম। মোমবাতিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে। এই বাতিতে ঝুঁকিও নেই। তিনি জানালেন, চীনের বাতির আলোটাও ভালো লাগে তাঁর।চীন থেকে আসা চার্জার বাতির এই সহজলভ্যতা ঝুঁকির মুখে ফেলছে মোমবাতি শিল্পকে। সংকুচিত হয়ে যাচ্ছে মোমবাতির বাজার। ব্যবসায়ীরা বলছেন, তিন বছর ধরে চাহিদা কমছে মোমবাতির।মিরপুর ১১ নম্বরের এভিনিউ-৫-এ অবস্থিত ‘মামা ভাগ্নে কালার মোমবাতি কারখানা’। কারখানার মালিক মোহাম্মদ সোহাগ জানান, মোমবাতির চাহিদা কম। দুই বছর আগেও এই মৌসুমে প্রতিদিন ১০-১৫ বস্তা মোমবাতি উৎপাদন করতেন। এ বছর প্রতিদিন তিন থেকে পাঁচ বস্তা মোমবাতি উৎপাদন করেছেন। আগে একসঙ্গে অনেকগুলো সাইকেল দিয়ে মোমবাতি দোকানে দোকানে বিলি করতেন। এখন সাতটি সাইকেল সেই কাজ করে। গত বুধবার মাত্র দুটি সাইকেল বের হয়েছিল মোমবাতি নিয়ে। তিনি জানান, ২০০৭ সাল পর্যন্ত ব্যবসা বেশ ভালো ছিল। এখন লোডশেডিংয়ের মৌসুম। রাতে অনেক সময় ধরে বিদ্যুৎ থাকে না। কিন্তু মোমবাতির চাহিদা নেই কেন জানতে চাইলে মোহাম্মদ সোহাগ বলেন, ‘ভাই, এখন মানুষ আর মোমবাত্তি ব্যবহার করে না। কেউ আইপিএস, কেউ জেনারেটর চালায়, চার্জার বাতি জ্বালায়। গরিব মানুষ সস্তা দামে ছোট চীনা চার্জার বাতি ব্যবহার করে।’ একই এলাকার হাসিব কালার মোমবাতি কারখানার শ্রমিক আসাদুজ্জামানও বললেন, তাঁদের করখানায় আগে প্রতিদিন ১০-১৫ বস্তা মোমবাতি তৈরি হতো। ঢাকার বাইরেও সেই মোমবাতি বিক্রি হতো। এই কারখানায় এখন উৎপাদন কম, মালিক শ্রমিকও ছাঁটাই করেছে।