চুরি ও অপচয় ঠেকাতে তৈরি হচ্ছে প্রিপেইড গ্যাস মিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি গ্যাসের চুরি ও অপচয় ঠেকাতে স্মার্টকার্ডভিত্তিক প্রিপেইড গ্যাস মিটার তৈরি করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি প্রকল্পের আওতায় আইআইসিটি পাঁচ হাজার মিটার তৈরি করছে।আগামী জুন মাসের মধ্যে রাজধানীর লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকায় ওই পাঁচ হাজার প্রিপেইড গ্যাস মিটার বসানো হবে। দুই বছরের মধ্যে রাজধানীর আরও তিন লাখ গ্রাহককে এই সেবার আওতায় আনা হবে। গতকাল মঙ্গলবার বুয়েটের নতুন একাডেমিক ভবন মিলনায়তনে প্রিপেইড গ্যাস মিটার উৎপাদনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বুয়েটের আইআইসিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জানানো হয়, একটি প্রকল্পের আওতায় ২০০৯ সালের নভেম্বর মাসে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পাঁচ হাজার প্রিপেইড গ্যাস মিটার তৈরি করার জন্য বুয়েটের আইআইসিটির সঙ্গে চুক্তি করে। প্রকল্প অনুযায়ী, ১৮ মাসের মধ্যে এসব মিটার তৈরি করে তা রাজধানীর লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকায় স্থাপন করার কথা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, জ্বালানির সুষ্ঠু ব্যবহার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। কিন্তু জ্বালানি খাতের সুবিধা থেকে গ্রামের মানুষ এখনো বঞ্চিত। তাদেরও এই সুবিধা দেওয়া দরকার।পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, ২০১২ সালের মধ্যে গ্যাসের উৎপাদন ও চাহিদার ব্যবধান কমিয়ে আনতে পেট্রোবাংলা কাজ করছে। তবে গ্যাসের অপচয় ঠেকাতে এই সম্পদ ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা উচিত।তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান বলেন, আগামী জুন মাসের মধ্যেই পাঁচ হাজার প্রিপেইড গ্যাস মিটার লালমাটিয়া ও মোহাম্মদপুরে বসানো হবে। তিতাসের বাড্ডা কার্যালয়ের অধীনে তিন লাখ গ্রাহক আছে। আগামী দুই বছরের মধ্যে এসব গ্রাহককে প্রিপেইড গ্যাস মিটারের আওতায় আনা হবে।অনুষ্ঠানে জানানো হয়, এই প্রিপেইড মিটারে স্মার্ট কার্ডের মাধ্যমে গ্যাস কেনা যাবে। গ্রাহকেরা নিকটস্থ ‘ভেন্ডিং স্টেশন’ কিংবা ‘পয়েন্ট অব সেল’ (বিক্রয়কেন্দ্র) থেকে গ্যাস কিনতে পারবেন। গ্রাহক যত টাকার গ্যাস ব্যবহার করবেন ভেন্ডিং স্টেশন থেকে স্মার্ট কার্ডে ঠিক তত টাকা চার্জ করতে হবে। কার্ডের টাকা ফুরিয়ে গেলে আবার ওই কার্ডে চার্জ করে গ্যাস ব্যবহার করা যাবে। আইআইসিটির পরিচালক এস এম লুৎফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম, সহ-উপাচার্য হাবিবুর রহমান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক মনজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।