চুরি করতে গিয়েই ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক মাহবুব-ই-সাত্তারের স্ত্রী রওশন আরাকে হত্যা করেছেন বলে জানিয়েছেন বাড়ির দুই নিরাপত্তাকর্মী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, দুই নিরাপত্তাকর্মী তাজুল ইসলাম ওরফে সোলায়মান ওরফে রবিন (১৯) ও রাসেল আহমেদ ওরফে সাকিব (১৯) গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন।ডিবির সূত্র জানায়, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল গত বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নামা থেকে তাজুলকে এবং ময়মনসিংহের চরপাড়া থেকে রাসেলকে গ্রেপ্তার করে। লুণ্ঠিত সাড়ে ছয় হাজার টাকা, ৫০০ মার্কিন ডলার ও একটি চাকু তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়।গত ৩১ ডিসেম্বর সকালে মিরপুর ৬ নম্বর সেকশনের এ ব্লকের ৩ নম্বর রোডের একটি বাড়ির তিনতলার নিজ ফ্ল্যাটে খুন হন আইনজীবীর পেশাগত সব সনদ অর্জন করা রওশন আরা। ঘটনার পর থেকে তাজুল ও রাসেল পালিয়ে যান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, তাজুল ও রাসেল ভুয়া কাগজপত্র দিয়ে কুড়িলের অ্যামিকন সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি নেন। গত ১০ ডিসেম্বর অ্যামিকন তাঁদের মিরপুরের ওই বাড়িতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ দেয়।মোল্যা নজরুল বলেন, তাজুল ও রাসেল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্নে তাঁরা চুরির পরিকল্পনা করেন। ৩১ ডিসেম্বর সকাল ১০টার দিকে রওশন আরার ফ্ল্যাটে যান। কল বেল বাজালে রওশন আর দরজা খোলেন। এরপর তাঁরা বালিশের কভার দিয়ে রওশন আরার মুখ চেপে ধরে ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁরা রওশন আরাকে টেনেহিঁচড়ে ভেতরের কক্ষে নিয়ে যান এবং বিছানার চাদর দিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। পরে আলমারি ও ওয়্যারড্রোব ভেঙে ২০ হাজার টাকা, আনুমানিক ৫০০ ডলারসহ বেশ কিছু মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যান।