চুরি যাওয়া সোনাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি হয়ে যাওয়া ৭০ ভরি স্বর্ণালংকার, সেগুলো বিক্রির ১৭ লাখ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার ভোরে কামরাঙ্গীরচরের মধ্য রসুলপুর থেকে এ অলংকারগুলো উদ্ধার করা হয়। গত ২১ আগস্ট রাজধানীর নিউমার্কেটের হাসি জুয়েলার্স থেকে ২৫০ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা চুরি হয়।চুরির দায়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হাসি জুয়েলার্সের কর্মী পান্না খান ও তাঁর ভায়রা ফজলুল হক।গতকাল মহানগর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দুজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম। পুরো অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার শহীদুল্লাহ।উপকমিশনার জানান, চুরির পর থেকে পান্নাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর গত শনিবার দিনাজপুর থেকে পান্নাকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, গত সোমবার ভোরে কামরাঙ্গীরচরের মধ্য রসুলপুরে তাঁর ভায়রা ফজলুল হকের বাসায় অভিযান চালিয়ে ৭০ ভরি স্বর্ণালংকার এবং ১৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, বাকি অলংকারগুলো তাঁরা বিক্রি করে দিয়েছেন। অলংকার বিক্রির কিছু টাকা দিয়ে তাঁরা জমি কেনার জন্য অগ্রিম দিয়েছেন।উপকমিশনার জানান, এখন চোরাই স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত চক্রটি খোঁজা হচ্ছে।