চুরি হওয়া স্বর্ণালংকার, টাকাসহ গৃহকর্মী গ্রেপ্তার
রাজধানীর রামপুরার একটি বাসা থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরির অভিযোগে করা মামলায় এক গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার কুমিল্লা জেলার লাকসাম থানার বাউরতলা এলাকা থেকে ওই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া গৃহকর্মীর নাম নুপুর আক্তার। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি রমনা বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।
রামপুরার বাসাটি থেকে চুরি হওয়া সোনার একটি চেইন, একটি চুড়ি, একটি আংটি ও নগদ পাঁচ হাজার টাকা নুপুরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি।
মাহবুব আলম বলেন, ২৩ জুলাই রামপুরার হাইস্কুল গলির একটি বাসা থেকে সোনার চেইন, চুড়ি, আংটিসহ নগদ কিছু টাকা চুরি হয়। এ ঘটনায় পরদিন রামপুরা থানায় চুরির মামলা হয়। এই মামলার ছায়া তদন্ত শুরু করে ডিবি রমনা বিভাগ। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যে ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম কুমিল্লার লাকসাম থেকে গৃহকর্মী নুপুরকে গ্রেপ্তার করে।
মাহবুব আলম বলেন, সংঘবদ্ধ একটি চক্র ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ দেয়। পরে সুযোগ বুঝে তাদের পাঠানো গৃহকর্মী বাসার স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। এই চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
বাসায় চুরি ঠেকাতে গৃহকর্মীদের কাজে নিয়োগ দেওয়ার আগে তাঁর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ ও বাড়ির ঠিকানা নিশ্চিত হওয়ার পরামর্শ দেন ডিবির এই কর্মকর্তা।