চুরি হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার, চালক গ্রেপ্তার
শিল্পপ্রতিষ্ঠানের চুরি হওয়া ৩২ লাখ টাকাসহ গত মঙ্গলবার ফরিদপুর থেকে এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাজধানীর পুরান ঢাকা থেকে টাকাসহ গাড়ি নিয়ে পালিয়ে যান ওই চালক।বংশাল থানার পুলিশ জানায়, আহম্মেদ রি-রোলিং মিলের গাড়িচালক শরীফ মিয়া ওরফে শরীফ শেখ গত রোববার নর্থ সাউথ রোডের এবি ব্যাংকের সামনে থেকে ৩২ লাখ ৯৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। প্রতিষ্ঠানের পক্ষে ফরহাদ হোসেন বংশাল থানায় এ ব্যাপারে একটি মামলা করেন। ওই দিন রাতেই নিউমার্কেটের ১ নম্বর ফটক এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।সূত্র জানায়, মামলাটির তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গত মঙ্গলবার ভোরে ফরিদপুরের নগরকান্দা থানার পেরাইদা গ্রাম থেকে চালক শরীফকে গ্রেপ্তার করে। শরীফের স্বীকারোক্তি অনুযায়ী শরীফের গ্রামের বাড়ি ফরিদপুর সদরপুর থানা থেকে দুলাল মিয়া ও রেশমা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকেই উদ্ধার করা হয় ৩২ লাখ ৭০ হাজার টাকা।