চুরির অভিযোগে ছয় পুলিশের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ
রাজধানীর ওয়ারী বিভাগের পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরীসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা নালিশি মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী মহাপরিদর্শককে (এআইজি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক এই আদেশ দেন। আদালত ১৯ এপ্রিলের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তৌফিক মাহবুব ছাড়া অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু হানিফ, পিএসআই সাইফুল ইসলাম, এসআই মো. কামাল ও মো. নাসির ও এএসআই মোহাম্মদ কবির। গত ১৫ ফেব্রুয়ারি মারধর ও চুরির অভিযোগে সূত্রাপুর থানা এলাকার স্বামীবাগের বাসিন্দা এনায়েত হোসেন এ মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন ও আদেশের জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।মামলায় অভিযোগ করা হয়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নান্নু মিয়া রাজধানীর সূত্রাপুর থানার স্বামীবাগের ৯৭ নম্বর হোল্ডিংয়ের খালি বাড়িতে পরিবার-পরিজন নিয়ে ১৯৮২ সাল থেকে বসবাস করছেন। গত বছরের ২৬ নভেম্বর সূত্রাপুর থানার পুলিশ বাদীকে থানায় ডেকে নিয়ে বাড়ি ছেড়ে দিতে বলে। বাদী ও তাঁর পরিবার বাড়িটি ছেড়ে না দেওয়ায় সূত্রাপুর থানার পুলিশ সন্ত্রাসীদের নিয়ে মারধর ও দুই লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে যায়। এই অভিযোগে আদালতে নালিশি মামলা করা হয়।