চুরির অভিযোগে বৃদ্ধকে পিটিয়ে ও গরম পানি ঢেলে খুন!
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চুরির অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ সোহরাব শিকদারকে পিটিয়ে ও শরীরে গরম পানি ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। প্রায় ছয় দিন অচেতন থাকার পর গতকাল সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ওই বৃদ্ধ মারা যান। এ ঘটনায় ভাটারা থানায় বৃদ্ধের স্ত্রী মঞ্জিলা বেগম হত্যা মামলা দায়ের করেন।মামলার এজাহারে বলা হয়, সোহরাব শিকদার বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন বাড়িতে গৃহকর্মী, বাবুর্চি ও গাড়িচালক সরবরাহ করতেন। মাস দেড়েক আগে তিনি শহীদ হোসেনের বাড়িতে (বাসা-১৩, শাহ আলম সড়ক, ব্লক-বি, বসুন্ধরা আবাসিক এলাকা) এক গৃহকর্মীকে কাজে দেন। এরপর ওই বাড়ির কিছু জিনিস খোয়া যায়। এতে ওই গৃহকর্মীকে সন্দেহ করে গৃহকর্তা শহীদ হোসেন মারধর করেন। মারধরের একপর্যায়ে গৃহকর্মী বলেন, চুরি যাওয়া জিনিসপত্র সোহরাব শিকদারের জিম্মায় রাখা হয়েছে। এজাহারে আরও বলা হয়, গৃহকর্ত্রীর কথা অনুযায়ী গত ২৪ এপ্রিল সোহরাব শিকদারকে শহীদ হোসেনের চালক বাড়িতে ডেকে আনেন। এরপর গৃহকর্তার নির্দেশে গাড়িচালক লিটন ও তাঁর সহযোগীরা সোহরাব শিকদারের হাত পা বেঁধে তাঁকে বেধড়ক পেটান। পরে তাঁর গায়ে গরম পানি ঢেলে দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক শক দেওয়া হয়। এতে সোহরাব শিকদার অচেতন হয়ে পড়লে পরিবারের কাউকে না জানিয়ে শহীদ হোসেনের লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজের গেটে ফেলে যান। সোহরাব শিকদারের ছেলে কিবরিয়া শিকদার প্রথম আলোকে বলেন, রাত আড়াইটার দিকে তাঁরা জানতে পারেন তাঁর বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। কিন্তু হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে কোনো শয্যা ফাঁকা না থাকায় তাঁরা একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যান। গত ছয় দিনে একবারের জন্যও তাঁর জ্ঞান ফেরেনি। ওই হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দীপু মাহমুদ সোহরাব শিকদারের ছাড়পত্রে লিখেছেন, রোগীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি অচেতন ছিলেন এবং তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তাঁর শরীরে হত্যাজনিত জখম ছিল। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউজ্জামান বলেন, সোহরাব শিকদারের আহত অবস্থায়ই তাঁর পরিবারের সদস্যরা মামলা দায়ের করেছিলেন। গতকাল তাঁর মৃত্যুর পর হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পরপর শহীদ হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে গাড়িচালক লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।এ ব্যাপারে জানতে শহীদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি বাসায় নেই।