চুরির এক দিন পর ঢাকা মেডিকেলে মিলল গাড়িটি
চুরি হওয়ার এক দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক ব্যাংক কর্মকর্তার ব্যক্তিগত গাড়িটি উদ্ধার করা হয়েছে। গত শনিবার কারওয়ান বাজার থেকে সেটি চুরি হয়েছিল। গাড়িটির মালিকের নাম মাহমুদ সুফি। তিনি একটি বেসরকারি ব্যাংকের গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার।মাহমুদ সুফির বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার বেলা ১১টার দিকে তিনি ব্যক্তিগত কাজে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসা থেকে নিজেই গাড়ি চালিয়ে কারওয়ান বাজারে যান। গাড়িটি প্রথম আলোর সামনে মসজিদসংলগ্ন একটি জায়গায় রাখেন। বেলা দুইটার দিকে কাজ শেষে তিনি ফিরে এসে দেখেন, তাঁর গাড়িটি নেই। পরে তিনি তেজগাঁও থানায় গিয়ে এ ব্যাপারে মামলা করেন। র্যাবকেও লিখিতভাবে বিষয়টি জানান। পরে গতকাল রোববার দুপুরের দিকে গাড়িটি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পাশে একটি কোয়ার্টারের প্রধান ফটকসংলগ্ন জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মাহমুদ সুফি প্রথম আলোকে বলেন, মামলা করা ও র্যাবকে অবহিত করা ছাড়াও তিনি তাঁর আত্মীয়স্বজন সবাইকে গাড়ি হারানোর কথা ও গাড়ির নম্বর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেন। জাহাঙ্গীর আলম নামে তাঁর এক পরিচিত গতকাল বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে গেলে গাড়িটি দেখতে পান। খবর পেয়ে তিনি (মাহমুদ) মেডিকেলে ছুটে যান। পরে গাড়ি শনাক্ত করে ক্যাম্প পুলিশ ও থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গাড়িটি জব্দ করে। জানতে চাইলে মাহমুদ সুফি বলেন, জাহাঙ্গীর গণপূর্ত বিভাগে ঠিকাদারির কাজ করেন। ঢাকা মেডিকেলেও তাঁর কাজ চলছে। সেই সুবাদে মেডিকেলে গিয়েছিলেন তিনি। গাড়ি হারানোর পর তাঁর কাছেও খুদে বার্তা পাঠানো হয়েছিল বলে তিনি দাবি করেন। হাসপাতাল সূত্র জানায়, অপরাধীদের ধরতে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত পুলিশ গাড়িটি ওই অবস্থায় রেখে নজরদারিতে ছিল। কিন্তু গাড়িটির আশপাশে কাউকে দেখা যায়নি। পরে গাড়িটি জব্দ করা হয়। স্থানীয় কয়েকজনের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাত থেকেই তারা ওই স্থানে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পড়ে থাকতে দেখে। তবে কে বা কারা কখন গাড়িটি সেখানে এনেছে, তা কেউ জানে না। গতকাল রাত আটটায় যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওহাব বলেন, গাড়িটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কাগজপত্র যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর তা মালিকের কাছে হস্তান্তর করা হবে।