চুড়ির কারখানায় রিনিঝিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ সামনে রেখে অন্যান্য জিনিসপত্রের মতো চুড়ির চাহিদাও বেড়ে যায়। লালবাগের শহীদনগরে রয়েছে বেশ কয়েকটি ধাতব চুরির কারখানা l ছবি: প্রথম আলো
ঈদ সামনে রেখে অন্যান্য জিনিসপত্রের মতো চুড়ির চাহিদাও বেড়ে যায়। লালবাগের শহীদনগরে রয়েছে বেশ কয়েকটি ধাতব চুরির কারখানা l ছবি: প্রথম আলো

লাল, নীল, সবুজ, সোনালি রঙের চুড়িগুলো থোকায় থোকায় সাজানো। সিলভারের তারগুলো গুছিয়ে রাখা হচ্ছে। কর্মীরাও নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছেন। লালবাগের ধাতব চুড়ির কারখানায় ব্যস্ততা শেষে ঈদের ছুটি শুরু হচ্ছে। তবে ব্যবসায়ীরা চুড়ির ব্যবসা নিয়ে সন্তুষ্ট নন।
গতকাল শুক্রবার লালবাগের শহীদনগরে গিয়ে দেখা যায়, অনেক কারখানাতেই ঈদের ছুটি শুরু হয়ে গেছে। যেসব কারখানা খোলা আছে, সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
যুগ যুগ ধরে বাঙালি নারীর সাজে চুড়ি অন্যতম পছন্দের উপকরণ। সারা বছরই নারীরা সাজসজ্জায় চুড়ি পরতে পছন্দ করেন। আর উত্সব অনুষ্ঠানে হাতভরা চুড়ি না হলে তো বাঙালি নারীদের চলেই না।
মিনা মেটালের কর্মী জোছনা আকতার হাত-মুখ ধুচ্ছিলেন। টানা ব্যস্ততা শেষে ঈদের ছুটি পেয়েছেন। কামরাঙ্গীরচরে থাকেন। তিনি মেশিনের মাধ্যমে চুড়ির নকশার কাজ করেন। জোছনা বলেন, ‘তিন বছর ধইরা এহেনে কাম করি। চুড়ি বানাইতে ভালোই লাগে।’ নিজের বানানো চুড়ি পরা হয় কি না জানতে চাইলে বলেন, নিজে তেমন পরেন না, তবে আত্মীয়স্বজনকে উপহার হিসেবে দেন।

মো. হোসেন ৩২ বছর ধরে চুড়ির ব্যবসার সঙ্গে জড়িত। তিনি মিনা মেটালের ব্যবস্থাপক। বললেন, ‘আমাদের এখানে সিলভারের তার ডিজাইন, সাইজ মতো কাটা, রং—সবই করা হয়। পরে এই চুড়ি প্যাকেট করে পাইকারি হিসাবে চকবাজারে বেচি।’ তিনি বললেন, এ কারখানায় ২২ জন কর্মী কাজ করেন, এর মধ্যে ৯ জন নারী। তিনি আরও বললেন, চকবাজার থেকেই তাঁদের চুড়ি সারা দেশে ছড়িয়ে পড়ে। আকৃতিভেদে প্রতি সেট চুড়ি পাইকারি ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়।

মিনা মেটালের সঙ্গেই আছে জেবা মেটাল। এর মালিক আবদুল জব্বার ১৭ বছর ধরে এ কারখানা চালিয়ে আসছেন। চুড়ির ব্যবসা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘ব্যবসা খারাপ। ইন্ডিয়ার চুড়িতে মার্কেট ভরা। আমাগোটা মানুষ চায়ও না। কর্মচারীও থাকতে চায় না।’ তিনি আরও বললেন, একসময় ৫০ জনের মতো কর্মী নিয়েও কাজ করেছেন। কিন্তু এখন তা নেমে এসেছে প্রায় ১৫ তে। তা ছাড়া নিজেদের চুড়ির মান নিয়েও তিনি সন্তুষ্ট নন। তাহলে নিজেরা কেন ভালো মানের চুড়ি তৈরি করছেন না—জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ভালো মানের চুড়ি বানাইলে তো আপনারা সেই দামে আমাদেরটা কিনবেন না।’

জেবা মেটালে ছয় বছর ধরে কাজ করছেন মো. নয়ন। তিনি প্যাঁচানো চুড়ি বানান। বলেন, ‘চুড়ির কামের প্রতি নেশা হইয়া গেছে।’ ঈদের ছুটি পেয়েছেন, অনেক দিন থাকবেন। এত দিন কাজের ব্যস্ততা বেশি থাকলেও এখন খুশি।

ব্যবসা খারাপ হলেও চুড়ির কারখানার সংখ্যা দিন দিন বাড়ছে। একসময় শহীদনগরে কারখানা ছিল ২৫ থেকে ৩০টি। এখন তা বেড়ে প্রায় ৬৫। এর কারণ হিসেবে বৈশাখী মেটালের তত্ত্বাবধায়ক মো. স্বপন বলেন, ‘আগে অনেকেই বড় বড় কারখানায় কাজ করত। পরে তারা হাতে কিছু পয়সা জমিয়ে নিজেরাই একটা কারখানা দিয়ে বসে।’ এটাকেও তিনি ব্যবসায় মন্দা যাওয়ার একটি কারণ হিসেবে বললেন। বেশি কারখানা হওয়ায় মান পড়ে গেছে। এ ছাড়া ভারতের চুড়ির চাহিদার কথাও বললেন তিনি।