চূড়ান্ত পর্বে ভিকারুননিসার প্রতিপক্ষ ভিকারুননিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসবের স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে ভিকারুননিসার মুখোমুখি হচ্ছে ভিকারুননিসা। গতকাল বুধবার অনুষ্ঠিত দুটি সেমিফাইনালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দুটি দল জয়লাভ করে। ২৩ অক্টোবর শনিবার এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। ‘আমরা স্বপ্ন দেখি তাই বিজয় আমাদের’—এ স্লোগান নিয়ে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে গত সোমবার থেকে শুরু হয় ছয় দিনব্যাপী প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসব-২০১০।প্রথম আলোর সহযোগিতায় সেন্ট যোসেফ স্কুলের বিতার্কিকদের সংগঠন যোসেফাইট ডিবেটিং ক্লাব (জেডিসি) ওই উৎসবের আয়োজন করে।উৎসবের তৃতীয় দিনে গতকাল দুটি সেমিফাইনালের একটিতে ভিকারুননিসা-৩-এর মুখোমুখি হয় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়। অন্যটিতে ভিকারুননিসা-১-এর প্রতিপক্ষ ছিল স্পন্দন মাদ্রাসা। দুটি সেমিফাইনালেই বিজয়ী হয় ভিকারুননিসার বিতার্কিকেরা। গতকাল আন্তস্কুল বিতর্কের সেমিফাইনালের পাশাপাশি অনুষ্ঠিত হয় স্কুল ও কলেজ বারোয়ারি বিতর্ক। কলেজ বারোয়ারিতে অংশ নেয় আটজন বিতার্কিক। বিতর্কের প্রস্তাবনা ছিল ‘আমার একটা দেশ ছিল’। অন্যদিকে স্কুল পর্যায়ে ‘আবার আসিব ফিরে’ এই প্রস্তাবনায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৮ জন বিতার্কিক বারোয়ারিতে অংশ নেয়।আজ বৃহস্পতিবার থেকে আন্তস্কুল ইংরেজি বিতর্ক শুরু হচ্ছে। এ বছরের উৎসবে চারটি শাখায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শাখাগুলো হলো, আন্তস্কুল, আন্তস্কুল ইংরেজি, আন্তকলেজ ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে রাজধানীর ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৪টি দল এবং কলেজ পর্যায়ে আটটি কলেজ থেকে ১২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।