চূড়ান্ত সেমিস্টার শুরুর আগেই চলে গেলেন মেধাবী জেরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ গত বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন মার্কেটিং বিভাগের ছাত্রী মুনজেরিন। চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টারের শেষ পরীক্ষা ছিল ওই দিন। শেষ পরীক্ষায় অংশগ্রহণ শেষে সহপাঠীদের সঙ্গে খোশগল্পে কাটে তাঁর দিনটি। ওই দিনই বিভাগ থেকে নোটিশ দেয় আগামী রোববার তাঁদের স্নাতক চূড়ান্ত সেমিস্টারের ক্লাস শুরু হবে। কিন্তু চূড়ান্ত সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার আগেই পরপারে চলে গেলেন জেরিন। গত বুধবার রাত ১২টার দিকে রাজারবাগের গ্রীন লাইন পরিবহনের কাউন্টারে যাওয়ার পথে কমলাপুরে ভাইয়ের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারান জেরিন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জেরিন ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। তিনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের ও শেষ বর্ষের ছাত্রী ছিলেন। গত বছর ওই বিভাগের শিক্ষক ইমরানুল হককে বিয়ে করেন। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বড় ভাই জিয়াউর রহমান জানান, ছোট বোনকে নিয়ে রাজারবাগ যাওয়ার সময় তাঁর মোটরসাইকেল থেকে জেরিন পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয় জেরিনকে। পরে রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে জেরিনের মৃত্যুর সংবাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে ক্যাম্পাসে। বিভাগের চেয়ারম্যান জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি সেমিস্টারেই ভালো ফলাফল করেছেন জেরিন। আমরা (বিভাগের শিক্ষকেরা) তাঁকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতাম। কিন্তু তা বাস্তবায়িত হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন জেরিন।’ শোক প্রকাশ: জেরিনের অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।