চেয়ারম্যান বলেছেন রাজউকের জনবল বাড়ছে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জনবল এক হাজার ৮৭ থেকে এক হাজার ৯৮০ জনে উন্নীত হচ্ছে। জনবল কাঠামোতেও কিছু পরিবর্তন হচ্ছে। সরকারের জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় বিষয়টি অনুমোদন করেছে। জনবল বাড়লে রাজউক দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবে।গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা এ কথা বলেন। তিনি বলেন, বিষয়টি এখন সচিব কমিটির হাতে।রাজউকের চেয়ারম্যান বলেন, মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) এলাকায় আরও চারটি নতুন আঞ্চলিক কার্যালয় গঠন করা হবে। এগুলো হবে কেরানীগঞ্জ, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে। জনবল বাড়লে ড্যাপের পূর্ণ বাস্তবায়ন সহজ হবে।নতুন জনবল কাঠামো অনুযায়ী রাজউকের প্রধান প্রকৌশলী হবেন দুজন। পরিদর্শক ৪০ জনের স্থলে ২৪০ জন হবেন। নতুনদের নিয়োগ দেওয়া হবে ডিপ্লোমা প্রকৌশলী বা স্থপতিদের মধ্য থেকে। এ ছাড়া পাঁচজন অথরাইজড কর্মকর্তার স্থলে ২৪ জন, ম্যাজিস্ট্রেট তিনজনের স্থলে ১০ জন, একজন আইন কর্মকর্তার স্থলে চারজন, ১০ জন সহকারী নগর পরিকল্পনাবিদের স্থলে ২৬ জন, আটজন উপ-নগর পরিকল্পনাবিদের স্থলে ১৩ জন থাকবেন। নতুন জনবল নিয়ে রাজউক ইমারত নির্মাণ আইন, জলাধার সংরক্ষণ আইন, রিয়েল এস্টেট উন্নয়ন ব্যবস্থাপনা আইনসহ প্রচলিত আইন ও বিধিমালাগুলোর সঠিক প্রয়োগ করতে পারবে বলে মনে করেন চেয়ারম্যান। মো. নূরুল হুদা বলেন, অবৈধ ভবন মালিকদের ঘটনাস্থলেই শাস্তি দেওয়ার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে গত প্রায় এক বছরে ৮০০ ভবনের নকশাবহির্ভূত অংশ উচ্ছেদ সম্ভব হয়েছে এবং জরিমানা আদায় হয়েছে প্রায় ২০ কোটি টাকা।