চোখের সামনে থাকে না বাজারদরের তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারদরের তালিকা থাকার কথা ক্রেতার চোখের সামনে। কিন্তু এই দোকানি রেখেছেন তাঁর পেছনে। ছবিটি ১ জুন রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা l প্রথম আলো
বাজারদরের তালিকা থাকার কথা ক্রেতার চোখের সামনে। কিন্তু এই দোকানি রেখেছেন তাঁর পেছনে। ছবিটি ১ জুন রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা l প্রথম আলো

খুচরা দোকানে দৈনিক হালনাগাদ করা বাজারদরের তালিকা ক্রেতার চোখের সামনে রাখার নিয়ম। কিন্তু অধিকাংশ দোকানি এ নিয়ম মানেন না। দোকানিরা বলছেন, বাজারদরের তালিকা প্রায় সব দোকানেই আছে। ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেলে তালিকা টাঙানো হয়।

ক্রেতারা বলছেন, পণ্যের দাম নিয়ন্ত্রণ না করে শুধু তালিকা টাঙিয়ে ক্রেতা স্বার্থ রক্ষা হবে না। ক্রেতাদের পকেট কাটা বন্ধে বাজার তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে।

গতকাল রোববার মহাখালী কাঁচাবাজারের প্রবেশমুখের পাশেই টাঙানো রয়েছে সিটি করপোরেশনের বাজারদরের তালিকা। তালিকাটি সর্বশেষ গত বৃহস্পতিবার হালনাগাদ করা হয়েছে। তাতে দেখা যায়, শুকনা মরিচ প্রতি কেজির বিক্রয়মূল্য ১৪০ টাকা, হলুদ ১৮০ টাকা, পেঁয়াজ দেশি ২৫ টাকা আর পেঁয়াজ বিদেশি ২০ টাকা।

তবে বাজারের খুচরা যেসব দোকানে বাজারদরের তালিকা টাঙানো তার সঙ্গে এই বাজারদরের তালিকার দামের বেশ পার্থক্য দেখা যায়। কুমিল্লা জেনারেল স্টোর ও শ্রীকৃষ্ণ স্টোরে টাঙানো বাজারদরে দেখা যায়, শুকনা মরিচ প্রতি কেজির বিক্রয়মূল্য ১৬০ টাকা, হলুদ ২০০ টাকা, পেঁয়াজ দেশি ৩০ টাকা আর পেঁয়াজ বিদেশি ২৪ টাকা। পণ্যভেদে দুই তালিকার মধ্যে কেজিতে ৪ থেকে ২০ টাকা পার্থক্য।

এই বাজারের অধিকাংশ খুচরা দোকানে দৈনিক হালনাগাদ করা বাজারদরের তালিকা দেখা যায়নি। আবার তালিকা থাকলেও সেটি বেশ কিছুদিন আগের। তবে কিছু দোকানে হালনাগাদ তালিকা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানি বলেন, ক্রেতারা বাজারদরের তালিকা দেখে বাজার করেন না। তাই ব্যবসায়ীরা বাজারদর টাঙানোকে খুব একটা গুরুত্ব দেন না।

বাজার করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হায়দার হোসেন বলেন, ক্রেতারা চান জিনিসের দাম যেন না বাড়ে। রোজায় ব্যবসায়ীরা অকারণে দাম বাড়ান। তালিকার চেয়ে বেশি জরুরি দাম নিয়ন্ত্রণে রাখা।

কারওয়ান বাজারের কিচেন মার্কেটের নিচতলায় সিটি করপোরেশনের টাঙানো বাজারদরের তালিকায় সয়াবিন তেল, সরিষার তেল, মুগ ডাল, চিনি, লবণের মতো পণ্যের পাইকারি ও খুচরা মূল্য লেখা নেই। ছোলার পাইকারি মূল্য ৮২ টাকা লেখা থাকলেও খুচরা মূল্যের ঘর ফাঁকা।

কারওয়ান বাজারের কিছু খুচরা দোকানে বাজারদরের তালিকা টাঙানো আছে। অধিকাংশ দোকানেই তালিকা নেই। তবে যেসব দোকানে তালিকা টানানো রয়েছে, সেগুলোতে তালিকায় উল্লিখিত দামেই পণ্য বিক্রি হচ্ছে।

কিচেন মার্কেটের ব্যবসায়ী আবুল হোসেন নিজের বসার আসনের পেছনে রাখা বাজারদরের তালিকা দেখিয়ে বলেন, তালিকা টাঙানো না থাকলেও কোনো সমস্যা হয় না। ক্রেতারা দরদাম করেই জিনিস কেনেন। তালিকা রাখা হয় মূলত ভ্রাম্যমাণ আদালতের ভয়ে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, দৃশ্যমান জায়গায় তালিকা না রাখা ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সিটি করপোরেশনের নির্ধারিত বাজারদর অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কি না, সেটিও দেখা হয়।

ব্যতিক্রমী চিত্র দেখা যায় বিমানবন্দর সড়কের তেজগাঁওয়ের কলমিলতা কাঁচাবাজারের সবজির দোকান রিয়াজ স্টোরে। দোকানে হালনাগাদ করা বাজারদরের তালিকায় প্রতিটি সবজির বিক্রয়মূল্য লেখা।