চোর তকমা দিয়ে ঢাবির জগন্নাথ হলে ছাত্রলীগ কর্মীকে মারধর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক ছাত্রলীগ কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। আক্রান্ত ছাত্রলীগ কর্মী বলেছেন, ‘ব্যক্তিগত আক্রোশের’ জেরে তাঁকে মারধর করে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তবে হল শাখা ছাত্রলীগের অন্য পক্ষ বলছে, চুরি ও মাদক সেবনের সঙ্গে জড়িত থাকায় ওই ছাত্রকে হল থেকে বিতাড়িত করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ৭০১২ নম্বর কক্ষে এই মারধরের ঘটনা ঘটে। অভিযোগকারী উৎসব রায় বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁর অভিযোগ, হল শাখা ছাত্রলীগের সাবেক নেতা সত্যজিৎ দেবনাথের নেতৃত্বে ২৫-৩০ জন তাঁর ওপর হামলা হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন উৎসব।
লিখিত অভিযোগে উৎসব রায় বলেন, ‘গত সোমবার আমি গ্রামের বাড়ি (নীলফামারী) থেকে হলে আসি। পরদিন মঙ্গলবার বিকেলে ক্যাম্পাস থেকে কক্ষে প্রবেশের পরই ব্যক্তিগত আক্রোশের জেরে সত্যজিৎ দেবনাথের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত আমার ওপর হামলা করেন। এ সময় আমাকে ব্যাপক মারধর করা হয়। মারতে মারতে কক্ষ থেকে টেনেহিঁচড়ে ভবনের উত্তর দিকের ফটক দিয়ে বের করে দেওয়া হয়। ফের হলে এলে আমাকে প্রাণনাশের হুমকি দেন হামলাকারীরা।
লিখিত অভিযোগে হামলায় জড়িত ১৯ জনের নাম উল্লেখ করেছেন উৎসব। এর মধ্যে প্রধান অভিযুক্ত হলেন ভূতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র ও জগন্নাথ হল শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সত্যজিৎ দেবনাথ। অন্যরা হলেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বাঁধন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সবুজ কুমার, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শুভ সাহা, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাজীব বিশ্বাস ও গণেশ ঘোষ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অমিত দে ও রিভু রিদম, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্বাগতম বাড়ৈ, দীপ্ত রায়, সবুজ শীল, অভিষেক ভাদুড়ী, পাপন বর্মণ, সৌরভ সাহা ও জয় দাস, ২০১৯-২০ শিক্ষাবর্ষের অপূর্ব দাস, পুষ্পেন্দু মণ্ডল, অমৃত মণ্ডল ও প্রিতম আনন্দ৷ তাঁরা সবাই জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণের অনুসারী।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা সত্যজিৎ দেবনাথ মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, হলের সবাই মিলে উৎসবকে হল থেকে বিতাড়িত করেছে। তাঁর বিরুদ্ধে ছিনতাই, মাদক সেবনসহ অনেক অভিযোগ আছে।
এ বিষয়ে জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণ প্রথম আলোকে বলেন, ঘটনার দিন আমি ঢাকার বাইরে ছিলাম। তাই ওই ঘটনার বিষয়ে বিস্তারিত জানি না। তবে উৎসব রায়ের বিরুদ্ধে হলের কক্ষ থেকে মুঠোফোন চুরির একাধিক অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি একজন চিহ্নিত মাদকসেবী।
চুরি ও মাদক সেবনের অভিযোগের বিষয়ে উৎসব রায় প্রথম আলোকে বলেন, ‘আমি জগন্নাথ হলে ছাত্রলীগের উত্তরবঙ্গ উপপক্ষের রাজনীতির সঙ্গে যুক্ত। সত্যজিৎ দেবনাথের সঙ্গে আমার ভালো সম্পর্ক। কিন্তু ব্যক্তিগত কিছু বিষয়ে তাঁকে আমি সম্মানহানি করেছি—এমন অভিযোগ তুলে তিনি দলবল নিয়ে আমার ওপর হামলা করেছেন৷ হামলাকে বৈধতা দেওয়ার জন্য এখন চুরির মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে৷'
অসুস্থ অবস্থায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্রে ভর্তি আছেন এবং হলে ফেরার সাহস পাচ্ছেন না বলেও জানান উৎসব।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা প্রথম আলোকে বলেন, ‘উৎসব রায়ের লিখিত অভিযোগ পেয়েছি। হলের একজন আবাসিক শিক্ষককে প্রকৃত ঘটনা জেনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’