চোরাই গাড়ি বিক্রি হচ্ছে সেল বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানী ও চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৪টি চোরাই গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ছয়জনকে গতকাল রিমান্ডে নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া যুবকেরা গাড়িচোর চক্রের সদস্য। তাঁরা গাড়ি চুরির পর সেগুলোর জাল লাইসেন্স তৈরি করেন। এরপর চোরাই গাড়িগুলো সেল বাজারের মাধ্যমে বিক্রি করেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত গোয়েন্দা পুলিশের তিনটি দল এসব অভিযান চালায়। এর মধ্যে একটি দল বনশ্রী এলাকা থেকে জুবায়ের আহমেদ বাবু (২৪) ও শাহজারুল ইসলাম ওরফে মিলন (১৯), গিয়াস উদ্দিন ওরফে খোকনকে (৩৭) গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, বনশ্রী থেকে দুটি, শাহজাহানপুর থেকে তিনটি ও উত্তরা এলাকা হতে চারটি গাড়ি উদ্ধার করা হয়। একই সময়ে গোয়েন্দা পুলিশের আরেকটি দল মিরপুরের বেড়িবাঁধ, আদাবর, বেইলি রোড, দারুস সালাম, বংশাল ও বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। চুরির সঙ্গে জড়িত অভিযোগে এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন কামাল আহমেদ (২৮), সাকিল আহমেদ ওরফে সুজন (২৬) ও মো. এনামুল হক ওরফে বাবু। উদ্ধার করা গাড়ি নিয়ে গতকাল মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং, পাঁচলাইশ ও কোতোয়ালিতে পৃথক অভিযানে পাঁচটি চোরাই প্রাইভেট কার উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, মো. মোরাদ (৩২), জাহাঙ্গীর আলম (৪৪) ও মো. সোলাইমান (৩৭)। অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন সরাসরি গাড়ি চুরি করেন। অন্যরা ওই গাড়িগুলোর লাইসেন্স তৈরি ও বিক্রির ব্যবস্থা করেন। তবে গ্রেপ্তার হওয়া কয়েকজন সাংবাদিকদের বলেন, তাঁরা চুরির সঙ্গে যুক্ত নন। তবে গাড়ি বিক্রির মাধ্যম হিসেবে তাঁরা কাজ করেন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, চোরাই গাড়ির লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সড়ক ও পরিবহন সংস্থার (বিআরটিএ) কিছু নিম্ন শ্রেণীর কর্মচারীর যোগসাজশ রয়েছে। গ্রেপ্তার হওয়া যুবকদের মধ্যে জোবায়ের আহমেদ নামের একজন গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার তথা স্বীকার করেন। তিনি বলেন, তিনি গাড়ির চালক ছিলেন। দুই মাস আগে গাড়ি চালনা ছেড়ে তিনি এ ব্যবসায় যুক্ত হন। তিনি সব পুরোনো গাড়ি চুরি করতেন বলে জানান। এদিকে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসেবা শাখার সহকারী কমিশনার আশরাফুজ্জামান দোলা প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগরের বনশ্রী থেকে আটক তিনজনকে দুই দিন ও চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অপর অভিযানে গ্রেপ্তার হওয়া তিনজনকে কয়েক দিনের রিমান্ডে নেওয়া হবে।