চোরাই সোনা দোকানে বিক্রি করতেন শিউলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবাড়ি থেকে স্বর্ণালংকার চুরি করে মিরপুর, শাহ আলী, পল্লবী ও কাফরুলের বিভিন্ন জুয়েলার্সে বিক্রি করতেন শিউলি আক্তার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে রিমান্ডে থাকা শিউলি এ কথা জানিয়েছেন।ডিবি সূত্র জানায়, চোরাই স্বর্ণালংকার বেচাকেনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার শিউলি, তাঁর সাবেক স্বামী মুক্তারুজ্জামান ওরফে তারিফ মিয়া, শাহীন ও সুজন কুণ্ডুকে গত শুক্রবার ডিবি পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গৃহকর্মী সেজে বাসাবাড়ি থেকে সোনা চুরির ঘটনায় ৭ সেপ্টেম্বর শিউলিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় ডিবি পুলিশ। তাঁর তথ্যের ভিত্তিতে পরে তাঁর সাবেক স্বামী তারিফ মিয়া, শাহীন ও সুজন কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে শিউলি আরও জানান, গত সাত বছরে তিনি গৃহকর্মী সেজে রাজধানীর মিরপুর, শাহ আলী, পল্লবী ও কাফরুল এলাকায় অন্তত ৪২টি বাসায় কাজ নেন। তিনি এসব বাসা থেকে অন্তত ৭০০ ভরি অলংকার ও ১০ থেকে ১২ লাখ টাকা চুরি করেছেন। চোরাই সোনা তিনি মিরপুর, শাহ আলী, পল্লবী ও কাফরুল এলাকার বিভিন্ন সোনার দোকানে বিক্রি করতেন। শিউলি ডিবি পুলিশকে জানান, তাঁর সাবেক স্বামী তারিফ মিয়া তাঁকে বাসাবাড়ির কাজের খোঁজ দিতেন এবং চুরির কাজে সহযোগিতা করতেন। তারিফকে চোরাই অলংকার ও টাকার অর্ধেক ভাগ দেওয়া হতো। ডিবির কর্মকর্তা মশিউর রহমান জানান, চোরাই সোনা কেনাবেচার সঙ্গে জড়িত বেশ কিছু দোকান ডিবি শনাক্ত করেছে। এর মধ্যে একটি দোকানের ব্যবস্থাপক শাহীন ও কর্মচারী সুজন কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছে। শিউলির তথ্যের ভিত্তিতে অন্যদেরও আটক করা হবে।