চৌদ্দ গ্যাঁড়াকলে উত্তরের যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা থেকে বেরোনোর সময় কমপক্ষে ছয় জায়গায় এবং প্রবেশের সময় অন্তত আটটি জায়গায় আটকা পড়তে হয় উত্তরাঞ্চলের যাত্রীবাহী পরিবহনগুলোকে। সড়কের দুরবস্থা ও ট্রাফিক অব্যবস্থাপনা এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। এতে গতকাল থেকে ঈদের যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।চৌদ্দ গ্যাঁড়াকল: বৃহত্তর ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনাসহ দেশের উত্তরাঞ্চলের যাত্রীবাহী পরিবহনগুলোকে রাজধানীতে ঢোকার আগে গাজীপুর চৌরাস্তা, টঙ্গীর চেরাগআলী, স্টেশন রোড, উত্তরার আবদুল্লাহপুর মোড়, কুড়িল বিশ্বরোড, স্টাফ রোড, বনানী ও মহাখালী রেল ক্রসিং—এই আট জায়গায় ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকতে হয় যানজটে।আবার মহাখালী বাস টার্মিনাল থেকে বেরোনোর সময় স্টাফ রোড, কুড়িল ও আবদুল্লাহপুর ছাড়া বাকি পাঁচ জায়গায় অসহ্য দুর্ভোগে পড়তে হয়। আশুলিয়া সড়কের বাইপাইলেও দীর্ঘ যানজট হয় প্রতিদিন। এবার ঈদে ঘরমুখী যাত্রীদের এই চৌদ্দ গ্যাঁড়াকলের যাতনা সহ্য করেই বাড়ি যেতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘মহাখালী থেকে টাঙ্গাইল পর্যন্ত ৮৬ কিলোমিটার দূরত্ব যেতে একটি বাসের আড়াই ঘণ্টা সময় লাগে। অথচ, টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত নয় কিলোমিটার পথ আসতে সময় লাগে আড়াই ঘণ্টা।’কোন জায়গায় কেন যানজট: সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ সড়কে বড় যানজট দেখা যায় গাজীপুর চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড ও বনানীর কাকলী এলাকায়। গাজীপুর চৌরাস্তায় এক দিকের সড়ক বন্ধ করে আরেক দিকের রাস্তার গাড়ি ছাড়তে হয়। ফলে ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তার দাবি, যানবাহনের সংখ্যা অনুপাতে ট্রাফিক পুলিশের সংখ্যা কম। তাই যত যানজট। আর পরিবহন শ্রমিকদের দাবি, গাড়ি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করে না। চাঁদা আদায়ের উদ্দেশ্যে রাস্তায় গাড়ি আটকে কাগজপত্র চাওয়াও যানজটের একট বড় কারণ বলে দাবি তাঁদের।ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, টঙ্গী স্টেশন রোডের যানজটের সঙ্গে একাধিক বিষয় সম্পৃক্ত। এর মধ্যে আছে টঙ্গীর সেনাকল্যাণ কমপ্লেক্সের পর থেকে রাস্তার বাঁ পাশে বেশ কিছু ট্রাক দাঁড় করিয়ে রাখা এবং স্টেশন রোডে রাস্তার এক পাশে ফলের দোকান, আরেক পাশে রাস্তাজুড়ে গাড়ি পার্কিং। ঢাকা-টঙ্গী রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোর বেপরোয়া চলাচল এবং স্টেশন রোডের যানবাহন পারাপার করতে গিয়েও যানজটের তৈরি হয়।জানতে চাইলে ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট কামরুল ইসলাম বলেন, ‘টঙ্গীর স্টেশন রোড মোড়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে একজন সার্জেন্ট, একজন হাবিলদার, ছয়জন কনস্টেবল দরকার। কিন্তু আছেন একজন সার্জেন্ট আর দুজন কনস্টেবল। ফলে একদিকে নজর দিলে অন্যদিকে জট লেগে যায়।’রাজধানীর বনানী কবরস্থান, কাকলী ও চেয়ারম্যানবাড়ি মোড়ে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। গুলশান ও বনানী এলাকার গাড়ি যাতায়াতে কিছু সময় পর পর মূল সড়কের যানবাহন বন্ধ করে দিতে হয়। এর ফলে এ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।বনানী কবরস্থান ও কাকলী সিগন্যালের উল্লেখ করে মহাখালী বাস টার্মিনালের পরিবহন শ্রমিক মো. আনোয়ার হোসেন বলেন, ‘গরিবের গাড়ি আটকাইয়া এই দুই সিগন্যালে বড় লোকেগরে পার করে। আমরা ঘণ্টার পর ঘণ্টা বইয়া থাকি।’অসময়ে মেরামত, রাস্তায় যানজট: ঢাকা-ময়মনসিংহ সড়কের টঙ্গী ব্রিজ থেকে মালেকের বাড়ি পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার রাস্তায় প্রচুর খানাখন্দ আছে। সড়ক ও জনপথ বিভাগ রাস্তার দুরবস্থা নিয়ে এত দিন নজর দেয়নি। ঈদ সামনে রেখে গাড়ি থামিয়ে এখন রাস্তা মেরামতে নেমেছে গাজীপুর জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ কারণে এই সড়কে যানজটের পরিমাণ বেড়ে গেছে বলে জানান একজন ট্রাফিক পুলিশের কর্মকর্তা।গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গী স্টেশন রোড মোড়ে ট্রাকে গুঁড়ি পাথর আর পিচ নিয়ে হাজির সওজের কর্মীরা। গর্তে পাথর ঢালতেই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ধমক দিয়ে কর্মীদের রাস্তা থেকে ট্রাকটি সরিয়ে নিতে বলেন। ট্রাকের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছিল। এ ছাড়া ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসছিলেন। রাস্তা নির্ঝঞ্ঝাট রাখতে তৎপর ট্রাফিক পুুলিশের হুইসেল আর গর্জন শুনে ট্রাকটি দূরে গিয়ে রাস্তার পাশে দাঁড়ায়।জানতে চাইলে সওজের টঙ্গী উপবিভাগের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট দীন মোহাম্মদ বলেন, ‘আমরা দিনরাত কাজ করছি। যখন সুযোগ পাব তখন কাজ করব।’ যানজট সৃষ্টি করে রাস্তা মেরামত করা কতটা যৌক্তিক এবং এ মেরামত কাজের স্থায়িত্ব কত দিন, জানতে চাইলে দীন মোহাম্মদ বলেন, ‘মেরামতের কাজ শেষ করার জন্য নির্দেশ আছে। কাজ করতে পারলে রাস্তার কোনো সমস্যা হবে না।’পরে দীন মোহাম্মদই জানান, স্টেশন রোড মোড়ের ১০০ মিটার রাস্তা গত এক মাসে অন্তত পাঁচবার মেরামত করা হয়েছে। কিন্তু রাস্তা ঢালু হওয়ায় বৃষ্টির পানি জমে পিচ ও পাথর উঠে যাচ্ছে। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলাম বলেন, ট্রাক দাঁড় করিয়ে রাস্তা সংস্কার করতে যাওয়ায় সকালে চেরাগআলীতে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট সরাতে দুপুর লেগেছে।আবদুল্লাহপুরে কয়েক দিনে তেমন যানজট দেখা যায়নি। পুলিশ বাস দাঁড়ানোর ব্যবস্থা (বে) করে দেওয়ায় কোনো পরিবহন রাস্তায় থামছে না। কতর্ব্যরত ট্রাফিক সার্জেন্ট নাসিমুল হায়দার জানান, পোশাক কারখানাগুলোতে ঈদের ছুটি হলে এই এলাকায় কিছুটা যানজটের দেখা দিতে পারে। আবদুল্লাহপুরে বর্তমানে চার কর্মকর্তাসহ নয়জন ট্রাফিক পুলিশ আছেন।