চৌধুরী আলমের সন্ধানের দাবিতে বিএনপি-সমর্থিত কাউন্সিলরদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপির নেতা চৌধুরী আলমের সন্ধান দেওয়ার দাবিতে প্রতীকী অনশন করেছেন বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার বিএনপি-সমর্থিত কাউন্সিলররা। চৌধুরী আলমের খোঁজ দিতে ব্যর্থতার অভিযোগ এনে কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে গতকাল সোমবার এ কর্মসূচি পালিত হয়।রাজধানীর ফার্মগেট থেকে গত ২৫ জুন চৌধুরী আলম নিখোঁজ হন। তাঁর পরিবারের অভিযোগ, র‌্যাবের সাদা পোশাকধারী সদস্যরা তাঁকে আটক করেছেন। তবে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযোগ অস্বীকার করছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রতীকী অনশন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, চৌধুরী আলমকে জীবিত অথবা মৃত ফিরিয়ে দেওয়া সরকারের দায়িত্ব। গুম-হত্যার রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। অতীতেও কোনো সরকার টিকে থাকতে পারেনি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘চৌধুরী আলমকে দ্রুত তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিন, নয়তো এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।’কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ বক্তব্য দেন।