চ্যানেল আই-সুরের ধারার হাজার কণ্ঠে বর্ষবরণ
হাজার শিল্পীর কণ্ঠের সুরে বাঙালির ঐতিহ্যবাহী বাংলা নববর্ষকে বরণ করার আয়োজন করেছে চ্যানেল আই ও সংগীত সংগঠন সুরের ধারা। বর্ষবিদায় ও বর্ষবরণের এ অনুষ্ঠান হবে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে। অনুষ্ঠান শুরু হবে ১৩ এপ্রিল সন্ধ্যায়। পরের দিন দুপুর ১২টা পর্যন্ত চলবে।এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চ্যানেল আইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং সুরের ধারার অধ্যক্ষ ও সভাপতি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বর্ষবরণের এ আয়োজনের প্রচার সহযোগিতায় রয়েছে প্রথম আলো।এ সময় জানানো হয়, বর্ষবিদায়ের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। সন্ধ্যায় অনুষ্ঠান সরাসরি চ্যানেল আই সম্প্রচার করবে। অনুষ্ঠান একটানা চলতে থাকবে। রাত ১২টা থেকে শুরু হবে লোকগান। আবার সূর্যোদয়ের সময় থেকে শুরু হবে সুরের ধারার শিল্পীদের পরিবেশনা। সারা দেশের এক হাজারের বেশি শিল্পী অংশ নেবেন এতে। সহস্রকণ্ঠের সুরে আবাহন জানানো হবে নতুন বছরকে। এরপর থাকবে বিশিষ্ট শিল্পীদের একক ও সম্মেলক গান, আবৃত্তি ও নৃত্য। এ অনুষ্ঠানটি দুপুর ১২টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই এবং কলকাতার রূপসী বাংলা টেলিভিশন। অনুষ্ঠানের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক শুভেচ্ছা বাণী দিয়েছেন। দেশের বিশিষ্টজনেরাও শুভেচ্ছা বাণী দিয়েছেন। শাইখ সিরাজ প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দেওয়া শুভেচ্ছা বাণী উপস্থাপন করেন। এ ছাড়া অনুষ্ঠানের কিছু দিক তিনি তুলে ধরেন। অনুষ্ঠানটি সব শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত।