করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

ঘরের সামনে স্যাভলন স্প্রে রাখাটা যেন নিত্যদিনের ব্যাপার এখন। গ্লাভস পরে বাইরে বের হওয়া, মাস্ক মুখে চাপিয়ে দিনের পর দিন কাজের সুবাদে এদিক–সেদিক যাওয়া—এগুলোও নিত্যনৈমিত্তিক ঘটনা। ঘরের ভেতর আবদ্ধ জীবনগুলোও মানিয়ে নিয়েছে বেশ নিজেদের। প্রথমে এক বুক কষ্ট নিয়ে যাত্রা শুরু হলেও এখন ফেসবুকের সে নীল মুখোশের বেষ্টনীর মধ্যে কিংবা জুমের অনলাইন ক্লাসের রুটিনের আড়ালে আমরা চলতে শিখে গেছি।
মাটির ঘ্রাণ নেওয়া হয় না দীর্ঘদিন। হাঁটা হয় না সবুজ ঘাসে। ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে মাসের পর মাস কেটে যাচ্ছে। যেন বেঁচে থাকার জন্য যতটুকু আলো দরকার, ঠিক ততটুকু আলো জানালা দিয়ে কাছে নিজের কাছে এসে ধরা দেয়। রোদটাও জানালার গ্রিলের ফাঁক দিয়ে খুব মাপজোখ করে ভেতরে আসে। চেনা শহরের পথে অনেক দিন রিকশা করে ঘুরি না। অনেক দিন খাওয়া হয় না পাড়ার মোড়ের ফুচকা, কলেজ ক্যাম্পাসের সেই ভেলপুরি কিংবা ভার্সিটির পাশে বসা মামার দোকানের পাঁচ টাকার চা। পথে পথে স্কুলের বাচ্চাদের ভ্যানে করে আসা–যাওয়ার সে দৃশ্য দেখি না, শুনি না ক্যাম্পাসের ওই কোলাহল। পাশে বসে থাকা বন্ধুগুলো এখন গুগল জুম অ্যাপ্লিকেশনের একটি স্থির ছবি হয়ে নিজের সঙ্গে ক্লাস করে। কী অদ্ভুত এক সময়! আজ থেকে কয়েক মাস আগেও কে ভেবেছিল এমন একদিন আসবে যেদিন কাছের মানুষদের কাছে টানার আগেও হাজারবার ভাবতে হবে? না পারব ছুঁতে, না পারব তাদের কণ্ঠ শুনতে।
এ তো গেল এক দলের গল্প, যারা আবদ্ধতাকে সঙ্গী করে নিতে শিখেছে। আরেক দল আছে যারা সময়ের নিষ্ঠুরতাকে পারেনি মেনে নিতে। তাদের বেরিয়ে যেতে দেখি ঘর ছেড়ে, টিভি খুললে দেখা যায় পথে পথে তাদের ভিড়। খাঁচার পাখি নিরাপদ থাকলেও খাঁচার ভেতরে কদিন আর থাকা যায়? পাখা মেলে উড়ে চলা যার জীবন, আকাশে–বাতাসে নিজের অস্তিত্ব জানান দিয়ে মেঘের দেশে পদার্পণ করে দিনের পর দিন যে কাটিয়ে এসেছে; সে কীভাবে এত সময় ধরে খাঁচার ভেতরে নিজেকে আটকে রাখে? দমবন্ধ অবস্থার মধ্যে কাতরাতে থাকা প্রাণগুলোকে একদিন তো খাঁচা ছেড়ে বের হতেই হয়।
কেউ দেখে বাঁচার আশা, কেউ দেখে স্বার্থ। এই সময়ে এক শ্রেণি নিজের সবটুকু দিয়ে সাহায্য করছে, যদি একটা পরিবারের এক বেলার খাবারও জোটাতে পারে! অন্যদিকে করোনা–পরিস্থিতিকেও নিজের ব্যবসার কেন্দ্র করে উঠে আসছে কত ধরনের ব্যবসায়ী। মাস্ক থেকে শুরু করে নকল সার্টিফিকেট—কী নেই সে ব্যবসায়? পেটের দায়ের বিপরীতে শখের রাজপ্রসাদ গড়ার প্রতিযোগিতা যেন। এর মধ্যেই বেঁচে আছি। নিশ্বাস নিচ্ছি।
*লেখক: শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, রাজারবাগ, ঢাকা।